সমস্যার সমাধান হয়, হয় না
স্বপ্নের নীড়ের আশায় সারা জীবনের সঞ্চয় গ্রিন ডেল্টা হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট নামের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতারিত হন অনেক গ্রাহক। অভিযোগের ভিত্তিতে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব প্রতিষ্ঠানটির সদস্যপদ বাতিল করেছে।
গত বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটির সদস্যপদ বাতিল করা হয়। আর অভিযুক্ত সদস্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের এটিই সর্বোচ্চ ক্ষমতা রিহ্যাবের। সেটি প্রয়োগ করে সংগঠনটি তাদের দায় এড়ালেও প্রতারিত গ্রাহকদের ভাগ্য ফেরেনি। ফ্ল্যাট বা টাকা পাওয়া তো দূরের কথা গ্রিন ডেল্টার কোনো কর্মকর্তাকেই খুঁজে পাচ্ছেন না গ্রাহকেরা।
নিজের সারা জীবনের সঞ্চয় ফ্ল্যাটে বিনিয়োগ করে এভাবেই প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি ও প্রতারণার মুখে পড়তে হয় সাধারণ ক্রেতাদের। এ ছাড়া কিস্তি পরিশোধের পরও সময়মতো ক্রেতাদের কাছে ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগেরও কমতি নেই আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে।
শুধু সাধারণ ক্রেতা নন, দেশের প্রভাবশালী পরিবার বা নিকটজনের ক্ষেত্রেও এই ধরনের প্রতারণার অভিযোগ আসে রিহ্যাবের হাতে। আলাপকালে রিহ্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক এক আইনমন্ত্রীর কাছের আত্মীয়ও গ্রিন ডেল্টা হাউজিংয়ের হাতে প্রতারিত হয়েছেন। মন্ত্রী নিজে এ বিষয়ে রিহ্যাবের কাছে অভিযোগ করেছেন। সেই অভিযোগসহ আরও অনেক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সদস্যপদ বাতিল করা হয় বলে জানান ওই কর্মকর্তা।
এ রকম অভিযোগসহ ছোট-বড় নানা অভিযোগ নিয়মিতই আসতে থাকে রিহ্যাব কার্যালয়ে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য রিহ্যাবের আছে ‘কাস্টমার কেয়ার ও মেডিয়েশন সেল’। যদিও বিরোধ নিষ্পত্তি ও সদস্যপদ বাতিলের ক্ষমতা ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর কোনো ক্ষমতা নেই আবাসন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির।
অবশ্য রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী, বিভিন্ন অপরাধের দায়ে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এই আইনে প্রকল্প বাস্তবায়নকালে ক্রেতা ও ডেভেলপারের মধ্যকার বিরোধ আপসের মাধ্যমে সমাধানের বিধান করা হয়েছে। সেই বিরোধ নিষ্পত্তির জন্য রিহ্যাব ওই সেলটি গঠন করে।
রিহ্যাবের তথ্য অনুযায়ী, সেলটি প্রতিষ্ঠার পর থেকে সর্বশেষ গত ৭ ডিসেম্বর পর্যন্ত এক হাজার ৫২৫টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে এক হাজার ১৫টি অভিযোগ সমাধান করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রিহ্যাব আট সদস্যের সদস্যপদ বাতিল করেছে। এর মধ্যে গত বছরের অক্টোবরে একসঙ্গে বাতিল করা হয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের সদস্যপদ। সেগুলো হলো গ্রিন ডেল্টা, আরএসএ রিয়েল এস্টেট, জনতা ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস, ইন্টিমেট হোম বিল্ডার্স ও স্টাইল রিয়েল এস্টেট। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকদের ২৭৬টি অভিযোগ ছিল।
রিহ্যাবের নেতারা দাবি করেন, সদস্যপদ বাতিলের পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের উচ্চপর্যায়ে সুপারিশও করা হয়েছে। সংগঠনটির কাছে এখন ৫১০টি অভিযোগ আপস-সমঝোতার মাধ্যমে সমাধানের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি শনিবার শুনানি হয়।
আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্রেতাদের নানা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার আবাসন প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এক হাজার ২২২টি প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য। আবাসন প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে যত অভিযোগ ওঠে তার বেশির ভাগই হলো রিহ্যাবের সদস্য নয়, এমন প্রতিষ্ঠানগুলোর। যার কারণে এসব অভিযোগের কোনো সমাধান করা সম্ভব হয় না।
রিহ্যাবের এই নেতা বলেন, আমাদের কাছে যেসব অভিযোগ আসে তার মধ্যে শতকরা ৯০টিরই মীমাংসা হয়ে যায়। বাকিগুলো হয় না। অমীমাংসিত অভিযোগ আলোচনায় এলেও মীমাংসিত বিষয়গুলো আলোচনায় আসে না বলে অভিযোগ করেন তিনি।