সমস্যায় জর্জরিত গৌরীপুর সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাডেমিক দুটি ভবনই ঝুঁকিপূর্ণ। একটিমাত্র ছাত্রাবাস আছে, তা–ও পরিত্যক্ত। এ ছাড়া শিক্ষকসংকট তো আছেই। এদিকে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন। এ রকম নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে পাঠদান।

কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয়। কলেজ প্রতিষ্ঠার পর পাঠদানের জন্য ১৯৭৩ সালে চার কক্ষের একটি, ১৯৮৪ সালে চার কক্ষের আরেকটি ভবন নির্মাণ করা হয়। এ ছাড়া ১৯৮৫ সালে পাঠাগার, ২২ জন শিক্ষার্থী থাকার উপযোগী একটি ছাত্রাবাস এবং ১৯৯২ সালে বিজ্ঞান ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৫ সালে ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ ছাড়া দুটি পৃথক ভবনের আটটি শ্রেণিকক্ষই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা ইসলাম বলে, ‘যেকোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে—এ আশঙ্কা নিয়েই ক্লাস করছি। বৃষ্টি হলেই আমাদের বই-খাতা ভিজে যায়।’

দ্বাদশ শ্রেণির ছাত্র নেত্রকোনা সদরের শুসেন সরকার ও বাবুল সরকার এবং চাঁদপুরের কচুয়া সদরের ইকবাল হোসেন বলে, ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করায় দূরের শিক্ষার্থীরা বাইরের মেসে ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। তা ছাড়া, কলেজে সীমানাপ্রাচীর না থাকায় বাইরের লোকজন ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হয়রানি করে।

কলেজ সূত্র আরও জানায়, এখানে শিক্ষকের ২৮টি পদের মধ্যে ৭টি শূন্য। এর মধে৵ কৃষি, রসায়ন, সমাজকল্যাণ, তথ্যপ্রযুক্তি, মার্কেটিং এবং ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ে কোনো শিক্ষকই নেই। আর অর্থনীতির তিনটি শিক্ষক পদের মধ্যে দুটি, ইংরেজির দুটি পদের মধ্যে একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৬২ জন।

ইংরেজির একমাত্র শিক্ষক আছিয়া খাতুন বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে ইংরেজি বিভাগের প্রভাষক নাদিমুল হক বদলি হয়ে ঢাকার তিতুমীর কলেজে চলে যান। এরপর থেকে আমাকে একাই সব শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে পাঠদান করাতে হচ্ছে।’

২০১৪ সাল থেকে কলেজে সমাজকল্যাণ শিক্ষক নেই। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ডিগ্রি পাস কোর্স ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে সমাজকল্যাণ পড়তে হয়। কিন্তু এ বিষয়ে কোনো শিক্ষক না থাকায় কখনো অন্য বিষয়ের, কখনো অতিথি শিক্ষক দিয়ে এ বিষয়ের পাঠদান চালানো হচ্ছে। এতে শিক্ষার্থীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

একাদশ বিজ্ঞান শাখার ছাত্র ইয়াছিন আরাফাত ও রাকিবুল ইসলাম জানিয়েছে, ইংরেজি ও অর্থনীতি বিষয়ে একজন করে শিক্ষক থাকায় নিয়মিত ক্লাস হয় না। অথচ এ দুটি বিষয়ে শিক্ষক খুব জরুরি।

উপাধ্যক্ষ সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ইংরেজি বিষয়ের পাঠদান একজন শিক্ষক দিয়েই চালানো হচ্ছে। অন্য বিষয়গুলো বিভিন্ন বিষয়ের শিক্ষক দিয়ে কোনোমতে চালানো গেলেও রসায়ন ও কৃষিবিজ্ঞান বিষয়ের পাঠদান চালানো যাচ্ছে না।

অধ্যক্ষ মোহাম্মদ আবদুজ জাহের বলেন, বিভিন্ন বিভাগের শূন্যপদগুলো পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কয়েকবার চিঠি পাঠানো হয়েছিল। সর্বশেষ চলতি মাসের ৪ তারিখে আবারও ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। ভবনসংকটের বিষয়ে তিনি বলেন, একটি ছয়তলা ভবন নির্মাণ করতে ২০১৭ সালের জুলাই মাসে ৯ কোটি ৬ লাখ টাকা অনুমোদন হয়েছে। তবে অর্থ বরাদ্দ, দরপত্র ও কার্যাদেশ আটকে থাকায় নতুন ভবন হচ্ছে না।