সমস্যায় জর্জরিত জাতীয় ক্যানসার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিনই রোগীর ভিড় থাকে। ভর্তির অপেক্ষায় কেউ কেউ হাসপাতালের বারান্দা, সিঁড়ির নিচে থাকেন। ২ অক্টোবর তোলা l ছবি: সাবিনা ইয়াসমিন
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিনই রোগীর ভিড় থাকে। ভর্তির অপেক্ষায় কেউ কেউ হাসপাতালের বারান্দা, সিঁড়ির নিচে থাকেন। ২ অক্টোবর তোলা l ছবি: সাবিনা ইয়াসমিন

মো. হুমায়ূন স্ত্রীকে নিয়ে মাদারীপুরের শিবচর থেকে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (ক্যানসার হাসপাতাল) এসেছেন গত ১৯ সেপ্টেম্বর। স্ত্রীর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। এখানে ১৮ আগস্ট ও ১ সেপ্টেম্বর তাঁকে দুই দফায় কেমোথেরাপি দেওয়া হয়েছিল। সে সময় স্ত্রীকে নিয়ে দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে তিন মাস পর আসার পরামর্শ দেওয়া হলে বাড়ি চলে গিয়েছিলেন।
বাড়িতে নেওয়ার কয়েক দিন পর হুমায়ূনের স্ত্রীর অবস্থার অবনতি হয়। হুমায়ূন বললেন, ১১ সেপ্টেম্বর রাতে অ্যাম্বুলেন্সে করে ক্যানসার হাসপাতালে আনলে বলা হয়, চিকিৎসকের কমতি আছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। ঢাকা মেডিকেলে আট দিন থেকে ১৯ সেপ্টেম্বর আবার এসেছেন ক্যানসার হাসপাতালে। কিন্তু শয্যা না থাকায় ভর্তি নেওয়া হয়নি। ফলে তিন দিন ধরে তাঁরা সি-ব্লকের চারতলার সিঁড়ির কাছে বারান্দায় থাকছেন।
গত ২১ ও ২২ সেপ্টেম্বর ক্যানসার হাসপাতাল ঘুরে দেখা যায়, শয্যা না পাওয়ায় দুটি ভবনের বিভিন্ন তলায় মেঝে, বারান্দা, কোনাকানচিতেও রোগী শুয়ে বা বসে আছে। সঙ্গে আছেন স্বজন। কর্মকর্তারা বলেছেন, যেকোনো দিন এলেই এ দৃশ্য চোখে পড়বে। যন্ত্র নষ্ট থাকা, রোগীর চাপ পরিস্থিতিকে দিনে দিনে আরও নাজুক করছে।
৩০০ শয্যার এই হাসপাতাল। সব শয্যাই সব সময় পূর্ণ থাকে। প্রতিদিন ১ হাজারেরও বেশি রোগী চিকিৎসা নেয় এই হাসপাতালে। কিন্তু হাসপাতালের গুরুত্বপূর্ণ বেশ কিছু যন্ত্রই নষ্ট। এ কারণে অনেক রোগীকে পরীক্ষা ও চিকিৎসার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হয়। এ ক্ষেত্রে তাদের ফুসলিয়ে থাকেন হাসপাতালেরই কিছু লোক।
হাসপাতালের পরিচালক মো. মোয়াররফ হোসেন প্রথম আলোকে বলেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো এই হাসপাতালেও কিছু সাধারণ সমস্যা আছে। তবে এর দুর্বল দিক হচ্ছে এখানে যন্ত্র নষ্ট পড়ে থাকে। এখানে আসা রোগীদের বেশির ভাগই দরিদ্র।
যন্ত্র নষ্ট ৭৪টি: প্রশাসনিক ভবনে ঢুকলে নিচতলায় হাতের ডান পাশে একটি কক্ষের ওপর ‘সিটি স্ক্যান ও এমআরআই ইউনিট’ লেখা চোখে পড়ে। তবে যন্ত্র দুটি নষ্ট বলে কক্ষে তালা দেওয়া। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহযোগী অধ্যাপক বলেন, ‘আমি চার বছর আগে এই হাসপাতালে চাকরি নিয়ে এসেছি। এসেই দেখেছি এমআরআই যন্ত্র নষ্ট। আর সিটি স্ক্যান যন্ত্র নষ্ট আড়াই বছর ধরে।’ সিটি স্ক্যান যন্ত্রের মাধ্যমে টিউমার শনাক্ত করা হয়।
চারজন চিকিৎসক বলেন, এই যন্ত্র দুটি মেরামত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে কিছু অপ্রয়োজনীয় যন্ত্র বিভিন্ন সময়ে কেনা হয়েছে। বায়োপসি (ক্যানসার শনাক্তকরণ পরীক্ষা) না করেও ক্যানসার সম্পর্কে কিছুটা নিশ্চিত ধারণা পেতে ‘সেল ভিশন’ নামে একটি যন্ত্র কেনা হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে প্যারিস ভ্রমণে গিয়েছিলেন চারজন চিকিৎসক। কিন্তু ওই যন্ত্র ১০ জন রোগীরও ক্যানসার পরীক্ষায় ব্যবহার করা হয়নি। যন্ত্রটি এখন অচল। অধিকতর সূক্ষ্মভাবে ল্যাপরোস্কপি (না কেটে শরীরের কোনো অংশে ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে দেখা এবং পাশাপাশি অস্ত্রোপচার করা) করা যাবে এ কথা বলে একটি ‘পিন পয়েন্ট ল্যাপরোস্কপি’ যন্ত্র কেনা হয়। এই যন্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন একাধিক অধ্যাপক। কিন্তু যন্ত্রটি ব্যবহার করা হয়নি, পড়ে আছে। প্রশাসনিক ভবনের চারতলায় কোটি টাকার বেশি দামের একটি পিসিআর (পলিমারেটেড চেইন রি-অ্যাকশন) যন্ত্র পড়ে আছে। অন্য কাজের পাশাপাশি এই যন্ত্র জরায়ুমুখ ক্যানসার চিকিৎসায়ও লাগে। রক্তের উপাদান পৃথক্করণে ‘সেল সেপারেটর’ নামের একটি দামি যন্ত্রও নষ্ট।
তবে পরিচালক বলেন, সিটি স্ক্যান ও এমআরআই যন্ত্র ছাড়া অন্য যন্ত্র সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি বলেন, ‘যন্ত্রগুলো আমার আমলে কেনা নয়।’
স্বাস্থ্য অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে তথ্য রয়েছে, ক্যানসার হাসপাতালের ছোট-বড় ৭৪টি যন্ত্র নষ্ট। এর মধ্যে মেরামতের অযোগ্য যন্ত্র ৪৩টি।
এসব কারণে যে রোগীর আজই রেডিওথেরাপি দরকার, তাঁকে বলা হচ্ছে এক মাস বা দুই মাস পর আসতে। দুই মাস আগে নির্ধারণ করা তারিখ ২২ সেপ্টেম্বর দুপুরে রেডিওথেরাপি নিতে আসেন একজন রোগী। তবে কর্মচারীরা তাঁর কাগজে ১২ অক্টোবর নতুন তারিখ লিখে দেন।
হাসপাতালের হিস্টোপ্যাথোলজি বিভাগের প্রধান অধ্যাপক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘ক্যানসার রোগীর দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসার নির্দেশনা দেওয়া দরকার। নানা কারণে সেটা করা যাচ্ছে না। রোগীর ভোগান্তি কমাতে এটা করা জরুরি।’
রোগী বাইরে পাঠাতে তৎপরতা: ২১ সেপ্টেম্বর দেখা গেল, সি-ব্লকের দোতলার সিঁড়ির পাশে পাতা বিছানায় শুয়ে আছেন এক রোগী। পাশে তাঁর ভাতিজা মোতালেব। মোতালেব বলেন, ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের ভুয়াপুর থেকে চাচাকে নিয়ে এসেছেন। পরীক্ষা না হওয়ায় চাচাকে ভর্তি করাতে পারছেন না। ২১ সেপ্টেম্বর টিকিট কেটে চিকিৎসকের কাছে গেলে এক্স-রেসহ কয়েকটি পরীক্ষা করাতে বলা হয়েছে। এক চিকিৎসক তাঁকে বলেছেন, এখানে পরীক্ষা করালে রিপোর্ট দেয় এক দিন পর। বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে করালে পাওয়া যাবে দিনে দিনে।
জানা গেল, এমন নানা কথা বলে হাসপাতাল থেকে পরীক্ষার জন্য রোগী বাইরে নেওয়া হয়। ভর্তি হতে না পারা রোগীদের ক্ষেত্রেও এমন হচ্ছে। এমন রোগীর ওপর নির্ভর করে এই হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও সেবাকেন্দ্র। এসব ক্লিনিক ও সেবাকেন্দ্রে বিকেলে চিকিৎসা দেন ক্যানসার হাসপাতালেরই কিছু চিকিৎসক।
পরিচালকের দায়িত্ব নেওয়ার পর গত বছর মোয়াররফ হোসেন একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছিলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, ওয়ার্ডবয়, আয়া—এঁরা রোগী ভাগানোর সঙ্গে জড়িত। ২২ সেপ্টেম্বর তিনি প্রথম আলোকে বলেন, ‘অন্য সরকারি হাসপাতালে যা হয়, এখানেও তাই।’
অসন্তোষ: নিয়োগ-পদোন্নতি নিয়ে এই হাসপাতালে অসন্তোষ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক বলেন, ‘আমার ছাত্র হঠাৎ একদিন পরিচালক হয়ে এই হাসপাতালে হাজির। রাজনৈতিক কারণে এটা সম্ভব হয়েছিল।’ জ্যেষ্ঠদের মূল্যায়ন না করার অভিযোগ করেছেন অন্তত পাঁচজন জ্যেষ্ঠ চিকিৎসক। এই হাসপাতালে অনেক জ্যেষ্ঠ অধ্যাপক থাকার পরও দলীয় আনুগত্যের কারণে বিভিন্ন সময়ে কনিষ্ঠদের পরিচালকের পদে বসানো হয়। বিভিন্ন সরকারের আমলে এটা হয়েছে।
এটা শুধু পরিচালক নিয়োগ বা চিকিৎসকদের পদোন্নতির ক্ষেত্রে নয়, অন্য কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও ঘটেছে।
একজন জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, ‘একাধিক পিয়ন নিয়োগ পেয়েছেন রাজনৈতিক কারণে। তাঁরা হাসপাতালের কাজ ঠিকমতো করেন না। সকালে এঁদের দেখা যায় বহির্বিভাগে খবরদারি করতে। এঁদের কয়েকজন রোগী ভাগানোর সঙ্গে জড়িত।’
রেকর্ডরুম নেই: দেশের সবচেয়ে বড় এই ক্যানসার হাসপাতালে চিকিৎসা ছাড়াও ক্যানসার নিয়ে গবেষণা ও উচ্চতর ডিগ্রি দেওয়া হয়। কিন্তু এখানে রোগীর তথ্য সংরক্ষণের ব্যবস্থা নেই। তথ্য রাখার রেকর্ডরুম বন্ধ রাখা হয়েছে। রেকর্ডরুমের দায়িত্বে থাকা এক নারী কর্মীকে অভ্যর্থনা ডেস্কে বসানো হয়েছে।
দেশের শীর্ষ একটি বেসরকারি হাসপাতালের ক্যানসার বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গবেষণা ও চিকিৎসা দুটি কারণে রেকর্ডরুম দরকার। কত রোগী ক্যানসারে মারা যাচ্ছে, ক্যানসারের ধরন কী—এসব জানতে রেকর্ড দরকার। এ ছাড়া ক্যানসার চিকিৎসা দীর্ঘমেয়াদি। রোগের ও চিকিৎসার ইতিহাস জানার জন্য আগের তথ্য দরকার। জাতীয় প্রতিষ্ঠানে রেকর্ডরুম না থাকা দুঃখজনক।