সমস্যায় ২৬৯ সহযোগী শিল্প

দেশের আবাসন খাত কয়েক বছর ধরেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আবাসন প্রতিষ্ঠানগুলো বহুতল ভবন তৈরি করে বসে আছে, কিন্তু নানা কারণে ক্রেতারা ফ্ল্যাট কিনছেন না। ব্যক্তি উদ্যোগেও ভবনের নির্মাণ কিংবা সরকারি উন্নয়ন কার্যক্রমেও গতি কম।
এসব কারণে আবাসন খাতের সঙ্গে সঙ্গে সংকটে পড়েছে এ খাতসংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সহযোগী শিল্প খাতও। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের তথ্য অনুযায়ী, দেশে এখন এমন সহযোগী শিল্প আছে ২৬৯ ধরনের।
এসব সহযোগী শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি আবাসন ভবন নির্মাণের সঙ্গে সরাসরি ইট, বালু, সিমেন্ট, রড, রং, সিরামিক পণ্যের মতো বেশ কিছু পণ্যের প্রয়োজন হয়। ভবন নির্মাণ না হলে এসব পণ্যের বিক্রি কমে যায়। আবার ভবন নির্মাণ হয়ে গেলে প্রয়োজন হয় আসবাবপত্র এবং ইলেকট্রিক্যাল পণ্যের মতো নানা পণ্যের। কিন্তু আগের ফ্ল্যাটগুলোরই বিক্রি কমে যাওয়ায় আবাসন ব্যবসায়ীরা নতুন প্রকল্পের কাজ কমিয়ে দিয়েছেন। আবার ক্রেতারাও নতুন ভবনে উঠছেন না। ফলে সার্বিকভাবে সহযোগী শিল্প খাতগুলোর ওপর এর প্রভাব পড়েছে।
আবাসন প্রকল্প কমে যাওয়ায় সিমেন্ট ও রডের চাহিদা বেশ কমে গেছে। ফলে বিক্রিও কমে গেছে। রাজধানীর লালমাটিয়ার বি-ব্লকের বাংলাদেশ স্টিল ট্রেডার্সের স্বত্বাধিকারী এস এম ইমতিয়াজ খান প্রথম আলোকে বলেন, গত তিন বছরে তাঁরসহ আশপাশের দোকানগুলোতে রডের বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ।
দেশে রডসহ ইস্পাতপণ্যের উৎপাদনক্ষমতা প্রায় ৭০ লাখ টন। তবে চাহিদা কমে যাওয়ায় বর্তমানে ৪০ থেকে ৫০ লাখ টনের বেশি উৎপাদন হয় না। ২০১২ সালে ভালো মানের (৬০ গ্রেড) প্রতি টন রডের দাম যেখানে ছিল ৬৪ হাজার, এখন তা নেমে এসেছে ৫৫ হাজারে। আর ৪০ গ্রেডের রডের দাম ৫০ হাজার টাকা থেকে কমে হয়েছে ৪৮ হাজার টাকা।
চাহিদা না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক স্টিল রি-রোলিং মিল। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের হিসাবে, বছর তিনেক আগেও ম্যানুয়াল রি-রোলিং মিলস ছিল ৪০০-এর মতো। এখন তা ২০০-তে নেমে এসেছে। অটো রি-রোলিং মিল ১১০-১১৫টি থেকে কমে দাঁড়িয়েছে ৫৫টিতে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, আবাসন খাতের অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে না। সরকারের উন্নয়নকাজ থমকে আছে। সাধারণ মানুষও বাসাবাড়ি নির্মাণে তেমন আগ্রহী নন। এই সবকিছুর প্রভাবেই রডের চাহিদা কম, বিক্রিও কম।
সিমেন্ট খাতের ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দেশে উৎপাদিত সিমেন্টের ৪০ শতাংশ সরকারি উন্নয়নকাজে, ৩৫ শতাংশ আবাসন খাতে এবং ২৫ শতাংশ সাধারণ মানুষের বাসাবাড়ি নির্মাণে ব্যবহৃত হয়। দেশে কারখানাগুলোয় বছরে তিন কোটি টন সিমেন্ট উৎপাদনের ক্ষমতা আছে। তবে উৎপাদিত হচ্ছে এক কোটি ৮০ লাখ টন।
বাংলাদেশ সিমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মুহিত উদ্দিন প্রথম আলোকে বলেন, তিন বছরের ব্যবধানে সিমেন্টের বিক্রি ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।
ভবনকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজন হয় রঙের। রং প্রস্তুতকারকদের সংগঠন বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, দেশে উৎপাদিত রঙের ৭০ শতাংশই ব্যবহৃত হয় আবাসন খাতে। শিল্পে ২০ শতাংশ এবং জাহাজে ১০ শতাংশ রং ব্যবহৃত হয়।
পেইলাক পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক শফিক উল্লাহ খান প্রথম আলোকে জানিয়েছেন, আবাসন খাতের মন্দার প্রভাবে ওই খাত থেকে রঙের চাহিদা ৩০ শতাংশ কমে গেছে।
আবাসন খাতের সংকটের প্রভাব অবশ্য কমই পড়েছে ইটভাটাগুলোতে। কারণ জানতে চাইলে ইটভাটার মালিকদের সংগঠন বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর প্রথম আলোকে বলেন, আবাসন খাতের এখনকার বহুতল ভবনগুলোয় ইটের চাহিদা কম। এসব ভবনে পাথর দিয়ে ঢালাই হয়। প্লাইউড ব্যবহার করে। ইদানীং কাচের ব্যবহারও অনেক বেড়েছে।
দেশে বছরে এক হাজার ৭৫০ কোটি ইটের চাহিদা আছে। প্রতিবছর ১০ শতাংশ হারে চাহিদাও বাড়ছে। এত ইট কোথায় ব্যবহার হচ্ছে—জানতে চাইলে আবু বকরের জবাব, ‘আমরা যত ইট তৈরি করি তার প্রায় ৭০ শতাংশই সাধারণ মানুষ ব্যবহার করে। সে কারণে ইট বিক্রিতে কোনো সমস্যা নেই।’
অনেকটা একই অবস্থা ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। আবাসন খাতের মন্দাবস্থা এ খাতে প্রভাব ফেলেছে সামান্যই। তবে থামিয়ে দিয়েছে প্রবৃদ্ধির গতি। এমনটাই মনে করেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোশাররফ হোসেন ভূইঞা। তিনি প্রথম আলোকে বলেন, দেশে বছরে আনুমানিক ২০ হাজার কোটি টাকার ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদিত হয়। আবাসন খাতে যদি ভালো চাহিদা থাকত তাহলে এ পণ্যের বাজার আরও বাড়ত।
সিরামিক শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও বলছেন, সিরামিক পণ্যের বাজার প্রতিবছরই বাড়ছে। কিন্তু আসাবন খাতের সংকট না থাকলে এ বাজারও আরও বড় হতো।