
শিক্ষার্থীদের সমাজ উন্নয়নের সঙ্গী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাঁর মতে, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়ার পর তাঁদের নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার আন্দোলনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা উচিত।
ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ওই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে দেড় হাজার শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর কাছে থেকে তাঁদের স্নাতক এবং স্নাতকোত্তার ডিগ্রি গ্রহণ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদের পক্ষে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ। এবার সমাবর্তন বক্তা ছিলেন কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট এম গর্ডন। কোরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলিমউল্যা মিয়ান।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় আইইউবিএটি। প্রায় দশ হাজারের বেশি শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুই শতাধিক পূর্ণকালীন শিক্ষক কর্মরত। ঢাকার উত্তরায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে সাড়ে পাঁচ একর জায়গায় গড়ে তোলা হয়েছে মনোরম ক্যাম্পাস।