সমাজ গঠনে অবদান রাখছেন প্রতিবন্ধীরা

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত বন্ধু সমাবেশে বক্তারা বলেছেন, প্রতিবন্ধীরা অবহেলা কিংবা করুণার পাত্র নন। অন্য সবার মতো তাঁদেরও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। সমাজ গঠনে অবদান রাখছেন তাঁরা।
গতকাল সোমবার বিকেলে নগরের চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ডিসঅ্যাবল্ড স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটির (ডিসকু) উদ্যোগে এ আলোচনা সভা হয়। উল্লেখ্য, ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। ডিসকু গতকাল দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও বন্ধু সমাবেশের আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বন্ধু পরিষদের সদস্যদের নিয়ে এ সমাবেশ হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এম শফিকুল আলম, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আকতার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদুল আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বন্দনা দাশ, আনসার-ভিডিপি চট্টগ্রামের উপপরিচালক আজিম উদ্দিন, চট্টগ্রাম সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ।
প্রতিবন্ধীদের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজের মূলস্রোতের অংশ হিসেবে প্রতিবন্ধীরা এগিয়ে যাবেন।
সভায় সভাপতিত্ব করেন ডিসকুর সভাপতি সোলায়মান বাদশা। বক্তব্য দেন উন্নয়ন সংগঠন ইপসার প্রোগ্রাম কর্মকর্তা আহসানুল্লাহ সরকার, দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমান, বন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, ডিসকুর সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
আলোচনা সভার আগে বিকেলে নগরের প্রবর্তক মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। এ সময় চট্টগ্রামের জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।