সমাজ দুর্বৃত্তদের অভয়ারণ্য পুলিশ রাজনৈতিক নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকবর আলি খান
আকবর আলি খান

সমাজ এখন দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর পুলিশ পুরো রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তাঁর মতে, পুলিশ কমিশন গঠন এবং তাদের নিয়ন্ত্রণে আলাদা আইন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।
বিচার বিভাগ পৃথক্করণের সাত বছর উপলক্ষে গতকাল শনিবার এক মুক্ত আলোচনায় আকবর আলি খান এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এই আলোচনার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠন।
আকবর আলি খান বলেন, পুলিশের বার্ষিক প্রতিবেদন অনুসারে, যত মামলার অভিযোগপত্র দেওয়া হয় তার ২৩-২৪ শতাংশ মামলায় আসামি দোষী সাব্যস্ত হয়। এখানে মামলার এজাহারের সংখ্যা যোগ করা হয়নি। যদি হতো, তাহলে দেখা যেত ১০ শতাংশ মামলায়ও দোষী সাব্যস্ত হয় না। তিনি বলেন, পাকিস্তান আমলে দেখা গেছে নিম্ন আদালতে জামিন দেওয়া হয়নি। কিন্তু উচ্চ আদালতে গেলে রাজনৈতিক মামলাগুলোতে জামিন পাওয়া যেত। এখন উচ্চ আদালতেও জামিন পাওয়া যায় না।
সাত বছর আগে বিচার বিভাগ পৃথক হয়ে মানুষের কতটা লাভ হয়েছে—এ প্রশ্ন রেখে আকবর আলি খান বলেন, মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য পৃথক্করণ দরকার। কোন আদালতে কত মামলা আছে, কতগুলো নিষ্পত্তি হয়েছে, কোন বিচারক কত রায় দিয়েছেন, কত দিন পরে দিয়েছেন ও কত দিনে রায় লেখা হয়েছে—এসব তথ্য মানুষের সামনে আনতে হবে। যাঁরা ভালো কাজ করছেন তাঁদের ভালো, খারাপদের খারাপ বলা দরকার।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। তিনি বলেন, উচ্চ ও নিম্ন আদালতের বিচারক নিয়োগসহ আদালত-প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে দিতে হবে। এ জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় চালু করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী বিভাগের হাত যত দিন লম্বা থাকবে, তত দিন বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে না।
সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বলেন, নিম্ন আদালতের বিচারিক কর্মকর্তাদের আগে সংস্থাপন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করত। এখন আইন মন্ত্রণালয় সে কাজ করে। তিনি বলেন, বিচারকদের নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের হাতেই আছে।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী বলেন, শীর্ষ পর্যায়ে নিয়ন্ত্রণ রেখে তৃণমূলে গণতন্ত্র চর্চা সম্ভব নয়। এটা বিচার বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি বলেন, বর্তমানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের অনেক প্রভাব দেখা যায়।
সাংবাদিক গোলাম মোর্তোজার সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম ইশতিয়াক হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ প্রমুখ।