সমাজ পরিবর্তন জানতে চাই ইতিহাসের পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের পরিবর্তনগুলো কীভাবে এসেছে, তা জানতে ইতিহাস জানা দরকার। আত্মপরিচয় সম্পর্কে জানতেও পড়তে হবে ইতিহাস। গতকাল শুক্রবার রাজধানীতে ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক নবম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।ইতিহাস একাডেমি ঢাকা এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। তিনি বলেন, ‘ইতিহাস মানবসভ্যতার প্রতিবিম্ব, মানুষের জীবনসম্পৃক্ত শাস্ত্র।...শেকড়সন্ধানী অনুসন্ধিৎসু মানুষকে নিতে হবে ইতিহাসের আশ্রয়।’মূল প্রবন্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মমিন চৌধুরী বাংলাদেশে নারীর অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নারীদের অগ্রগতির জন্য এখনো অনেকটা পথ এগোতে হবে। আর সামনের পথটা হবে আরও বন্ধুর, আরও এবড়োখেবড়ো।ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় নারী শিক্ষার্থীর নগণ্য সংখ্যার কথা উল্লেখ করে মমিন চৌধুরী আরও বলেন, বাঁধ ভাঙার পালা যে ঘটা করে হয়েছে, তা নয়। ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধ এর গতিকে ত্বরান্বিত করেছে।সভাপতির বক্তব্যে একাডেমির সভাপতি কে এম মোহসীন বলেন, ‘আমরা বর্তমানে বাস করি, ভবিষ্যতের পরিকল্পনা করি। এ কারণে অনেকের ধারণা হতে পারে, এত অতীতে যাওয়ার কী দরকার? আমাদের সম্পর্কে, সমাজের পরিবর্তন সম্পর্কে জানতে অতীতে যাওয়া দরকার। সমাজে যেসব পরিবর্তন এসেছে, কীভাবে সেসব পরিবর্তন এসেছে—এগুলো জানা দরকার।’ একটি নিবন্ধ উদ্ধৃত করে তিনি বলেন, বর্তমান শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন, উদার, গণমুখী, প্রগতিশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এসবের জন্য প্রয়োজন ইতিহাস-সচেতনতা।ইতিহাস একাডেমির সদস্য সৈয়দা শায়লা তায়েফের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সামিনা সুলতানা ও সহসভাপতি এ কে এম শাহনাওয়াজ বক্তব্য দেন। পরে তিনটি অধিবেশনে প্রত্নতত্ত্ব, নারী, ইতিহাস তত্ত্ব, বাংলাদেশ প্রসঙ্গ, ভাষা ও সাহিত্য, মুক্তিযুদ্ধ, বাংলার ইতিহাস ও রাজনীতি, উপমহাদেশের ইতিহাস ও ঐতিহ্য, স্থাপত্য, আন্তর্জাতিক ইতিহাস ও রাজনীতি, সমাজ ও পরিবেশ এবং সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হয়।