
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব পুঁজিবাদ আগে যে রাজনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতো তারও বদল হয়েছে। এখন চীনসহ এশিয়ার শিল্পোন্নত দেশগুলো এবং রাশিয়া বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির প্রধান শক্তি। পরিবর্তিত এই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে দেশ ও সমাজ বদলের চিন্তা করতে হবে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র পত্রিকার প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান এ কথা বলেন।
সমাজ গবেষণা কেন্দ্র আয়োজিত এই আলোচনা সভায় দেশের রাজনীতিবিদ, তাত্ত্বিক এবং অর্থনীতিবিদেরা অংশ নেন। তাঁরা দেশে পুঁজিবাদী শোষণ বন্ধে তরুণ নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান।
আশির দশকে সমাজ ও অর্থনীতিবিষয়ক এই পত্রিকাটির ছয়টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। নব্বইয়ের দশকের একটি সংখ্যা প্রকাশের পর তা বন্ধ হয়ে যায়। গতকাল পত্রিকাটি আবারও প্রকাশিত হওয়া উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।
অধ্যাপক রেহমান সোবহান বৈশ্বিক অর্থনীতির পালাবদলের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বৈশ্বিক অর্থনীতির দুই-তৃতীয়াংশ এখন এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর দখলে। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড চীন কিনে নিয়েছে। চীন বিশ্বের আগামী দিনের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। আফ্রিকা এবং ইউরোপের অনুন্নত দেশগুলোর অর্থনীতির ওপর চীনের নিয়ন্ত্রণ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক এবং রাজনৈতিক শক্তি আর আগের মতো কাজ করছে না। অর্থনীতির এই চিত্রকে মাথায় রেখে এ দেশে সমাজবদলের চিন্তা করতে বামপন্থীদের প্রতি আহ্বান জানান এই অর্থনীতিবিদ।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর বলেন, দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন হয়েছে। গ্রাম আর আগের মতো নেই। বৈশ্বিক পরিসরে যুক্তরাষ্ট্রের আগের সেই দাপট নেই। ইউক্রেনের রাশিয়ার হস্তক্ষেপ আর যুক্তরাষ্ট্রের কিছু করতে না পারা সেই ইঙ্গিতই দিচ্ছে। দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতির এই বদলকে মাথায় রেখে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। তরুণদেরই এ পথে এগিয়ে যেতে হবে।
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে যত ধ্বংস করবে তত বেশি উগ্র মৌলবাদী শক্তির উত্থান ঘটবে। দেশের ক্ষমতায় কে যাবে তা দিল্লি আর ওয়াশিয়ংটন থেকে ঠিক হয়, এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই অপমানজনক। এই অপমানের বোধ থেকে দেশে উগ্রপন্থার উত্থান হতে পারে।
অর্থনীতিবিদ ড. তাজুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অর্থনীতিবিদ এম এম আকাশ। তিনিই পত্রিকাটির সম্পাদক। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, নারীনেত্রী আয়েশা খানম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস। এ ছাড়া তরুণ প্রজন্মের পক্ষে বক্তব্য দেন সাংবাদিক ফারুক ওয়াসিফ, অভিন্যু কিবরিয়া ও বাংলার পাঠশালার আহমেদ জাবেদ রনি।