প্রায় ১০ বছর ধরে নিজের লেখা গান, কবিতা বিলি করে বেড়াচ্ছেন তিনি। নিজের প্রচার নয়, সমাজের অসচেতন মানুষদের সচেতন করতে, সমাজকে বদলে দিতে তাঁর এই প্রয়াস। নির্বিচারে গাছ কাটা, ডিমওয়ালা মাছ ধরা, জনসমক্ষে ধূমপান করা—অবিবেচকের মতো এসব কাজ যারা করে তাদের সচেতন করতেই নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সোজা কথায়, মানুষের বিবেকের ঘরে কড়া নাড়াই তাঁর কাজ। বিনিময়ে নিজের কোনো চাওয়া নেই তাঁর। স্বেচ্ছা এই প্রচারকর্মী সিলেট শহরতলির প্রবীর দেবনাথ। মাস ছয়েক আগে তিনি নিজে ধূমপান ছেড়েছেন। পাশাপাশি এই বিষপান থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছেন। তাঁর দাবি, এরই মধ্যে ৩৪ জনকে ধূমপান ছাড়াতে পেরেছেন তিনি। তাঁর লক্ষ্য, যত দিন বাঁচবেন, সুস্থ থাকবেন, সমাজে ধূমপায়ীদের সংখ্যা ক্রমাগত কমানোর প্রচারে ব্রতী হবেন। যেভাবে শুরু: মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রবীর দেবনাথ দুঃখ-কষ্ট সয়ে বড় হয়েছেন। পারিবারিক টানাপোড়েনের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও পড়ালেখা করতে পারেননি। মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন। কিশোর বয়স থেকে কর্মজীবী হয়ে ওঠেন। রংমিস্ত্রি পেশার আয় দিয়ে বসত গড়েন সিলেট সদর উপজেলার খাদিমনগরের বহরনোয়াগাঁওয়ে। বাড়ির আশপাশে বন-পাহাড়-জলাশয়ে মাছশিকার, বন উজাড় ও পাহাড় কাটা তাঁকে ভেতরে ভেতরে ক্ষুব্ধ করে তোলে। একদিন গভীর জলাশয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় এক জেলের সঙ্গে কথা বলে তাঁদের অসচেতনতার বিষয়ে নিশ্চিত হন। প্রবীর মনে মনে স্থির করেন, না-জানার কারণেই অনিয়ম হয় বেশি। এ জন্য শাস্তি দিলেও পরিবর্তন হয় না। জানাতে হবে আগে। নিজ থেকে পরিবর্তন হলে পরে সমাজের মঙ্গল হবে।প্রবীর এসব নিয়ে ভাবেন। শেষে স্থির করেন, নেশার মতো আঁকড়ে থাকা সমাজের মন্দ জিনিসগুলো তাড়াতে নেশার মতো লেগে থাকতে হবে। তিনি লেখেন—‘গাছ আমাদের বন্ধু জানি/ উপকারী ধন/ জঙ্গলে মঙ্গল আছে/ বলে বিজ্ঞ জন...পোনা মাছ ধইরা খাই/ডিম মাছের রেহাই নাই/সচেতন না হইলে/মাছ কোথায় পাইব রে ভাই...।’ ছন্দকথার প্রচার শুরু তখন থেকেই। সন-তারিখ নির্দিষ্ট করে জানা নেই প্রবীরের। বললেন, ‘নয়-দশ বছর আগে থেকে তাঁর এমন প্রচার শুরু।’ তবে এ ধরনের প্রচারকর্ম নিয়ে তিনি সবার দৃষ্টি কাড়েন বিগত উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচন চলাকালে। এবার আর হাতে লিখে নয়, ছাপার অক্ষরে প্রচারপত্র বিলি করেন আর গেয়ে গেয়ে ফেরেন—‘যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ ও ঋণখেলাপীদের ভোটদানে বিরত থাকুন।’ তাতে কিছু সমস্যার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। প্রচারকর্মে একদিন: প্রবীরের প্রচারকর্ম চলে সাধারণ মানুষের মধ্যে। নিরন্ন শ্রেণীর জনগোষ্ঠী মূলত তাঁর প্রচারণায় মুগ্ধ। একদিন তাঁর সঙ্গে প্রচার কাজে গিয়ে সাধারণের মধ্যে অসাধারণ হয়ে ওঠা অন্য এক প্রবীরের দেখা মেলে। মুগ্ধ শ্রোতারা তাঁর প্রচারকর্মে শামিল হন। ভরদুপুরে শ্রমজীবীরা যখন বিশ্রাম করতে রাস্তার পাশে খানিক বসেন, তখন প্রবীর কথামালায় তাঁদের সঙ্গে মেশেন। জেনে নেন, যাঁর যাঁর বদ অভ্যাসগুলো। এগুলো ত্যাগ করতে রীতিমতো তাঁদের অঙ্গীকার করিয়ে ছাড়েন। চলার পথে সেই মানুষের সঙ্গে যদি আবার দেখা হয়, খোঁজ নেন সেই অঙ্গীকারের। হজরত শাহপরান (রহ.)-এর দরগার গেটের পার্শ্ববর্তী বাজারের ওষুধব্যবসায়ী প্রদীপ কুমার জানান, একদিন দুপুরে প্রবীর দেবনাথ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান সোনার তরীর সামনে থেকে বিলি করছিলেন নিজ হাতে লেখা সিগারেট ছাড়ার আহ্বান-সংবলিত একটি কবিতা। সেখানে লেখা ছিল, ‘এত সুন্দর একটা ঘর, এ ঘরের মইধ্যে আগুন জ্বালিয়ে রাখা কি উচিত!’ প্রায় পাঁচ মাস আগে একদিন এভাবে ধাঁধার সুরে খাদিম এলাকার ঠিকাদার মো. আবুল হোসেনকে কথাগুলো বলেছিলেন প্রবীর দেবনাথ। আবুল হোসেন জানান, ‘এত সুন্দর ঘর’ বলতে মানুষের অন্তরকে বুঝিয়েছিলেন প্রবীর। সেদিন থেকে অন্তরকে সুন্দর রাখতে ধূমপান ছেড়ে দিয়েছেন আবুল হোসেন।পঞ্চাশোর্ধ্ব এই স্বেচ্ছাকর্মী বলেন, ‘আমাদের বদ অভ্যাসগুলো হচ্ছে নেশার মতো। সবাই জানে, এর পরও ছাড়তে পারে না। যেমন ডিমওয়ালা মাছ শিকার করলে মাছের বংশবৃদ্ধি হবে না। এ কথা সবাই জানে; এর পরও ডিমওয়ালা মাছ কেনাবেচা হয়। পাখিশিকার নিষিদ্ধ জেনেও চলে শিকার আর ভোজনবিলাস। গাছ কাটলে কী হয়, বাচ্চা শিশুরা পর্যন্ত জানে; তবু চলে বৃক্ষনিধন।’প্রবীর দেবনাথ জানান, গত জুনে প্রথম আলোর ‘বদলে যাও, বদলে দাও’ স্লোগানটি নাড়া দেয় তাঁকে। নিজের বদ-অভ্যাসটা আগে খুঁজে বের করেন। তিনি দেখেন তাঁর একটাই বদ-অভ্যাস আছে। তা হলো—ধূমপান। তিনি শপথ নেন ধূমপান ছেড়ে দেওয়ার। তিন মাস ধূমপান থেকে নিজেকে বিরত রাখেন, অন্যকেও বিরত থাকার পরামর্শ দেন। এখনো তিনি ধূমপান করেন না। তিনি দাবি করেন, তাঁর প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে ৩৪ জন ধূমপান থেকে বিরত আছেন। প্রেরণা তাঁর পরিবার: প্রবীর দেবনাথের প্রচারকর্মে কিছুটা বিব্রত ছিলেন পরিবারের সদস্যরা। স্ত্রী, চার ছেলে ও এক মেয়ের পরিবারে তিন ছেলে কর্মজীবী। ছোট ছেলে ও মেয়ে পড়াশোনা করছে। বাবার এমন প্রচারকর্ম নিয়ে ‘পাছে লোকে কী বলে’—এমন আশঙ্কায় ছেলেরা অনুযোগের সুরে প্রায়ই তাঁদের মাকে বলত, ‘বাবার এ কেমন পাগলামি!’ তখন প্রবীরের স্ত্রী সুমতিবালা দেবী ছেলেদের সান্ত্বনা দিয়ে বলতেন, ‘তোদের বাবা তো ভালো কিছুরই প্রচার করছেন। কারও সঙ্গে তো ঝগড়া-বিবাদ করছেন না।’ ছেলেদের মধ্যে সেই মানসিকতার পরিবর্তন হয়েছে এখন। চেনাজানা লোকজনের মাধ্যমে তাঁদের বাবার প্রচারকর্মে সাধারণ মানুষজন ভালো বলে মেনে নেওয়ায় প্রবীরের কর্মজীবী ছেলেরা তাঁদের রোজগার থেকে পুঁজি বের করে একটি দোকান দিয়েছেন। সিলেট শহরতলির খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর দরগার গেটের সামনে প্রবীরের দোকান—সোনার তরী। সেখান থেকে চলে প্রচারকর্ম। আলাপকালে প্রবীর বলেন, ‘এ দোকান থেকে আমাকে সংসার খরচ দিতে হয় না। সংসার চালায় ছেলেরা।’ স্ত্রী সুমতিবালা দেবীর সরল স্বীকারোক্তি, ‘ভালো কিছুর প্রচারে স্বামীর ব্যস্ততা আমাকে গর্বিত করে। যত দিন তাঁর এ প্রচারকর্ম চলবে, তত দিন প্রেরণা জোগাব।’