ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, অধ্যাপক রঙ্গলাল সেন সমাজ বদলের সৈনিক ছিলেন। বিভিন্ন সময় দেশের উত্থান-পতনের মধ্যে যেসব বিষয়ে বিতর্ক দেখা দিয়েছে, তাতে তিনি তাঁর সুচিন্তিত মতামত দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে গতকাল শনিবার অধ্যাপক রঙ্গলাল সেন স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।
আনিসুজ্জামান বলেন, রঙ্গলাল সেন আজীবন মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন। একই সঙ্গে অন্যদেরও এই চেতনা লালনের উৎসাহ জুগিয়েছেন। তাঁর কর্ম ও জীবন সাধনা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ বলেন, রঙ্গলাল সেন অন্যের যেকোনো সমস্যার খুব সুন্দর সমাধান করতেন। রঙ্গলাল সেনের ছাত্র বনমালী ভৌমিক, পান্না লাল দত্ত ও দুলাল সরকার বলেন, তিনি ছিলেন সব শিক্ষার্থীর প্রিয় শিক্ষক।
সভায় অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক অনুপম রায়, ‘রঙ্গলাল সেন নাগরিক শোকসভা কমিটি’র আহ্বায়ক অধ্যাপক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, আয়োজক সংগঠনের সহসভাপতি বীরেন্দ্রনাথ অধিকারী প্রমুখ বক্তব্য দেন।