সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন (৭৮) আর নেই। গতকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২৫ মিনিটে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যানসারের জটিলতা, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, পাঁচ মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ ঢাকায় আনার কথা। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর লাশ বেলা ১টার দিকে রাজধানীর কাকরাইলের রমনা গির্জায় ও বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর মরদেহ জাতীয় সংসদে নেওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে নিজের এলাকা হালুয়াঘাটে। সেখানেই তাঁকে সমাহিত করা হবে।
২০০৮ সালে নির্বাচিত হয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
প্রমোদ মানকিনের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার শোক জানিয়েছেন। প্রতিমন্ত্রীর মৃত্যুতে আরও শোক জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
প্রমোদ মানকিনের মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় নেমে আসে শোকের ছায়া। গতকাল তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।