সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সব শূন্য পদ পূরণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর সব শূন্য পদ পূরণের সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে এই মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা আনতে নতুন পদ সৃষ্টিরও সুপারিশ করা হয়। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে পাঁচ শতাধিক শূন্যপদ রয়েছে। এসব পদে জনবল না থাকায় অনেক ফাইল আটকে থাকছে। কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, মো. মনিরুল ইসলাম, সৈয়দা জেবুন্নেছা হক, আবদুল মজিদ খান, আ ক ম বাহাউদ্দিন, চেমন আরা বেগম ও বেগম মাহজাবীন মোরশেদ অংশ নেন। সমাজকল্যাণ সচিব কামরুন নেসা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।সভায় সরকারি আর্থিক সহায়তা দেওয়া বেসরকারি হাসপাতালগুলো শর্তাদি পালন করছে কি না, তা তদারক করতে একটি আইন প্রণয়নের সুপারিশ করা হয়। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রম নীতিমালা যুগোপযোগী করার, জনসংখ্যা কার্যক্রমে পল্লী মাতৃকেন্দ্রের ব্যবহার কর্মসূচির আওতায় দুস্থ ও অবহেলিত মহিলাদের জনপ্রতি পাঁচ হাজার টাকার পরিবর্তে প্রয়োজনীয় ঋণ দিয়ে স্বাবলম্বী করার সুপারিশ করা হয়। সভায় জেলা ও উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দুস্থ ও অসহায় রোগীদের সাহায্য সেবা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়।