সমাজকল্যাণমন্ত্রী গুরুতর অসুস্থ, সিঙ্গাপুরে গেছেন
গুরুতর অসুস্থ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে লাইফ সাপোর্ট দিয়ে গতকাল শনিবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। খবর ইউএনবির।
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় মহসিন আলীকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে গতকাল বেলা সাড়ে ১২টায় সিঙ্গাপুরে নেওয়া হয়। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।
মাইদুল ইসলাম বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একজন চিকিৎসক ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে গতকাল ঢাকায় আসেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য মন্ত্রী মহসিন আলীকে সেখানে নিয়ে গেছেন। মন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী এবং মেয়েও রয়েছেন।
নিউমোনিয়া ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী মহসিন আলী। ওই হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাকালে গত শুক্রবার দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হন মন্ত্রী। এরপর থেকে তাঁকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস (মেকানিক্যাল ভেন্টিলেশন) গ্রহণ করানো হচ্ছিল।