সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ইন্তেকাল

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী গতকাল সোমবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি কিডনি ও নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ মহসিন আলীর ছোট ভাই সৈয়দ মুশতাক আলী প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ মহসিন আলী গতকাল সকালে নিজেই নাশতা করেন। কিন্তু বাংলাদেশ সময় সকাল পৌনে আটটার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। সাড়ে আটটার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। ৩ সেপ্টেম্বর অসুস্থ হন এবং ৫ সেপ্টেম্বর তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়।
মুক্তিযোদ্ধা মহসিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাঁর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় মন্ত্রিসভার সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে। আগামীকাল বুধবার ঢাকার আনুষ্ঠানিকতা শেষে বিকেলের দিকে অথবা পরদিন মৌলভীবাজারে তাঁর শেষ জানাজা হবে।
মহসিন আলীর মৃত্যুর সংবাদ শোনার পর গতকাল তাঁর মৌলভীবাজারের বাসভবনে শোকার্ত মানুষের ঢল নামে। তাঁর মৃত্যুতে পৌরসভা তিন দিনের শোক ঘোষণা করেছে।
মহসিন আলীর জন্ম ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের দরজি মহলে এক মুসলিম পরিবারে। ১৯৬৯ সালে স্কুলের ছাত্র থাকাকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন ও সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।
১৯৮৩ সালে মহসিন আলী প্রথম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আরও দুবার নির্বাচিত হয়ে টানা ১৮ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে সাংসদ নির্বাচিত হন। গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই আসন থেকে তিনি আবার সাংসদ নির্বাচিত হন এবং তাঁকে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।