সমাজকল্যাণমন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের নিয়ে বিষোদ্গার এবং একের পর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী মন্ত্রীকে সতর্ক করেছেন বলে মন্ত্রিসভার কয়েকজন সদস্য জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত একজন ঊধ্বর্তন মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অনির্ধারিত আলোচনায় মহসিন আলীকে উদ্দেশ করে রসিকতার ছলে বলেন, কী হলো আপনার? মঞ্চে সিগারেট খেলেন, পত্রিকায় আসল। এরপর সিগারেট ছেড়ে দিলেন। আবার এখন আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে। আপনাকে নিয়ে পত্রিকায় এত আলোচনা কেন?’
প্রধানমন্ত্রী এ সময় সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে মহসিন আলীকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সমাজকল্যাণমন্ত্রীর উদ্দেশে বলেন, খবিশ, রাবিশ কাছাকাছি শব্দ। এভাবে খবিশ বলা কোথায় পেলেন?
মহসিন আলীও নাকি তৎক্ষণাৎ জবাব দেন, খবিশ, রাবিশ এক জায়গা থেকেই এসেছে কি না তাই।
জ্যেষ্ঠ একজন মন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন সময়ে ‘রাবিশ’ শব্দটি ব্যবহার করে বিতর্কের জন্ম দিয়েছেন। মহসিন আলীও সাংবাদিকদের ‘খবিশ’ বলে বিতর্কের সৃষ্টি করেছেন। দুজনেরই নির্বাচনী এলাকা সিলেট বিভাগে। মন্ত্রিসভার বৈঠকে সিলেটের দুই মন্ত্রীকে নিয়ে সমালোচনা করেন তাঁরা।
প্রসঙ্গত, শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের খবিশ, চরিত্রহীন বলে আখ্যায়িত করলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর সাংবাদিকদের ক্ষোভের মুখে রোববার তিনি দুঃখও প্রকাশ করেন। এর আগেও একটি বিদ্যালয়ের অনুষ্ঠানের মঞ্চে শিশুদের সামনে ধূমপান করে বিতর্কিত হন মহসিন আলী। পরে তিনি এ ঘটনায়ও দুঃখ প্রকাশ করেন। ২৩ জুলাই রাজধানীর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রায় পুরো সময় ঘুমিয়ে কাটিয়ে দেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের উপস্থিতিতে এ অনুষ্ঠানের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সরকারের সমালোচনা হয়।