সমাজকল্যাণমন্ত্রীর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মহ​সিন আলী
সৈয়দ মহ​সিন আলী

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সব অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট প্রেসক্লাব। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রীর অপসারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। সিলেটে কর্মরত সাংবাদিকদের একাংশ গতকাল সোমবার দুপুরে সিলেট প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের একাংশ প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে কালের কণ্ঠ-এর সিলেটের ব্যুরোপ্রধান আহমেদ নূর, সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, সিলেট সংলাপ-এর সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, পুণ্যভূমির প্রধান বার্তা সম্পাদক আ ফ ম সাঈদ, জালালাবাদ-এর নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, সিলেটের জ্যেষ্ঠ আলোকচিত্রী আতাউর রহমান, দৈনিক ইত্তেফাক-এর স্টাফ রিপোর্টার হুমায়ুন রশীদ চৌধুরী, সময় টিভির সিলেটের ব্যুরোপ্রধান ইকরামুল কবির, একাত্তর টেলিভিশনের ব্যুরোপ্রধান ইকবাল মাহমুদসহ বেশ কয়েকজন সাংবাদিক বক্তব্য দেন।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমাবেশে সর্বসম্মতিক্রমে সিলেটে মন্ত্রীর সব অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ আগস্ট সিলেটে আদিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে গালমন্দ করেন। ক্ষুব্ধ সাংবাদিকেরা ওই অনুষ্ঠান বর্জন করে তাৎক্ষণিক প্রতিবাদ জানান। পরদিন রোববার সমাজকল্যাণমন্ত্রী এক বিবৃতিতে এ জন্য দুঃখ প্রকাশ করেন। ওই বিবৃতিতে মন্ত্রী অভিযোগ করেন, আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে টিপ্পনি কেটেছেন। বিবৃতিতে মন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিকেরা।