সমাজকল্যাণমন্ত্রীর প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সাংসদেরা। আজ বুধবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শ্রদ্ধা জানানো হয়। সেখানে জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে একটি হেলিকপ্টার মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্রদ্ধা। ছবি: ফোকাস বাংলা
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্রদ্ধা। ছবি: ফোকাস বাংলা

সমাজকল্যাণমন্ত্রীকে আজ মৌলভীবাজারে দাফন করা হবে। গতকাল মঙ্গলবার রাতে তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, সব শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীর মরদেহ আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সাংসদেরা শ্রদ্ধা জানান। একই স্থানে জানাজা হয়। জানাজা শেষে তাঁর মরদেহ মৌলভীবাজারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। ছবি: ফোকাস বাংলা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। ছবি: ফোকাস বাংলা

মহসিন আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ মন্ত্রীর মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার বাসভবনে যাবে। এরপর জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে রাখা হবে। বাদ আসর সেখানে দ্বিতীয় জানাজা হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় মহসিন আলীকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফার (র.) মাজার-সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

মহসিন আলী সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় মারা যান। গত ৩ সেপ্টেম্বর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।