সমাজকল্যাণমন্ত্রীর প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘সমাজকল্যাণমন্ত্রীর পুলিশ নিয়োগের তালিকা, টাকা নেওয়ার অভিযোগ এপিএসের বিরুদ্ধে’ শিরোনামে ১৩ জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
মন্ত্রীর পক্ষে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিবেদনে ঢালাও ও মনগড়াভাবে বলা হয়েছে মন্ত্রীর সুপারিশের তালিকায় নাম ওঠাতে ১৫ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। কাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। কমলগঞ্জের এক নাম-পরিচয়হীন ইউপি সদস্যের সঙ্গে কথা বলে প্রথম আলো প্রতিবেদক জানতে পেরেছেন যে ওই ইউনিয়নের দু-একজনের কাছ থেকে টাকা লেনদেন করা হয়েছে।
প্রথম আলোর মতো দায়িত্বশীল নামকরা পত্রিকায় এ রকম নাম-পরিচয়হীন মানুষের উদ্ধৃতি দিয়ে কল্পিত ও মনগড়া সংবাদ পরিবেশন করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। যা কোনোভাবেই কাম্য হতে পারে না। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং টাকা লেনদেনের সত্যতা নিরূপণে প্রতিবেদককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, ‘উল্লিখিত লোক নিয়োগ তার এপিএস ও গানম্যানকে জড়িয়ে উৎকোচ গ্রহণের বিবৃতি প্রকাশ করার মাধ্যমে মন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার একটি অশুভ তৎপরতা চালানো হয়েছে।’
প্রতিবেদকের বক্তব্য: মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের সুপারিশ করে সমাজকল্যাণমন্ত্রী যে ৫৫ জনের তালিকা পাঠিয়েছিলেন, প্রতিবাদে তিনি তা স্বীকার-অস্বীকার কোনোটাই করেননি। তবে এ-সংক্রান্ত প্রমাণ প্রথম আলোর কাছে আছে।
তিনজন চাকরিপ্রার্থী ও সাতজন চাকরিপ্রার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেছেন, তালিকায় নাম ওঠাতে তাঁদের কাছ থেকে মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শ্রীকান্ত সূত্রধর ১৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। নিরাপত্তার স্বার্থে ওই সব ব্যক্তি এবং ওই ইউপি সদস্যের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশে নিয়োগের আশ্বাস দিয়ে ছয় ব্যক্তির কাছ থেকে সমাজকল্যাণমন্ত্রীর এপিএস শ্রীকান্ত ও দেহরক্ষী আমিনুল ‘উৎকোচের বিনিময়ে চুক্তি করেন’। তাঁদের মধ্যে চারজনের কাছ থেকে আড়াই লাখ টাকা করে, একজনের কাছ থেকে তিন লাখ ও একজনের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়। ছয়জনের পূর্ণ নাম-ঠিকানা গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ আছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁদের নাম-পরিচয়ও প্রথম আলো প্রকাশ করেনি।
এসব অভিযোগ যার বিরুদ্ধে সেই এপিএসের বক্তব্য গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। তিনি দাবি করেন, কিছু বাটপার লোক আছে, তারা মন্ত্রীর সুপারিশের তালিকার নাম দেখে হয়তো ওই সব লোকের কাছ থেকে চাকরি হবে বলে টাকা নিয়ে নিয়েছে। এ বিষয়ে তাঁরাও খোঁজ নিচ্ছেন।
প্রতিবেদনে মন্ত্রীকে হেয় করে কোনো বক্তব্য বা মনগড়া কিছু ছাপা হয়নি। নির্ভরযোগ্য সূত্র ও তথ্য-প্রমাণের ভিত্তিতে খবরটি ছাপা হয়েছে। এ ছাড়া প্রতিবাদলিপিতে মন্ত্রী দাবি করেন, স্থানীয় একজন রাজনৈতিক নেতা (যাঁর নাম উল্লেখ করা হয়নি) ও মৌলভীবাজারের সাবেক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোর প্রতিবেদনের অনুঘটক হিসেবে কাজ করেছেন। বাস্তবে এমন কারও সঙ্গে প্রতিবেদনের কোনো যোগসূত্র নেই।