সংবাদমাধ্যম সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র (আসক) এবং সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজের একাংশ। তারা বলেছে, মন্ত্রীর বক্তব্য সংবাদমাধ্যমের কর্মীদের জন্য সরাসরি হুমকি।
গতকাল বুধবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এবং আসক পৃথক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।
গত মঙ্গলবার সচিবালয়ে এক সভায় সমাজকল্যাণমন্ত্রী সংবাদমাধ্যমকে এই বলে হুমকি দেন, ‘আপনাদের জন্য এমন আইন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আপনাদের স্বাধীনতাই থাকবে না।’ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার চিত্র বারবার গণমাধ্যমে দেখানোয় সমাজকল্যাণমন্ত্রী এই হুমকি দেন। তিনি বলেন, ‘আপনারা যা ইচ্ছা তাই দেখাবেন, বারবার দেখিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করবেন। মানুষকে উত্তেজিত করছেন।’
আসক মনে করে, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রতি এ রকম হুমকি ও মন্তব্য মত প্রকাশের স্বাধীন চর্চার পরিবেশকে চরমভাবে দুর্বল করে দেয়। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছিলেন। প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট, ১৯৭৩-এর সংবাদপত্রের স্বাধীনতাবিরোধী-সংক্রান্ত বাতিল করা ধারাটি পুনরায় কার্যকরের উদ্যোগও তথ্য মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হয়েছিল বলে জানা যায়।
আসক আশা প্রকাশ করেছে, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। এর পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এ ধরনের হুমকি বা মন্তব্য না করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
বিএফইউজে ও ডিইউজের নেতারা বলেছেন, মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি ক্ষমতাসীনেরা কতটা রুষ্ট, সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে। এর অংশ হিসেবেই দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়ে ভিন্ন মতের সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে।
বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান এ বিবৃতি দেন।