সমাজকে এগিয়ে নেওয়াই আমাদের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের কাজ সমাজকে এগিয়ে নেওয়া। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কোনো অন্যায় চাপের কাছে আমরা নত হই না। পাঠকই আমাদের শক্তি, সেই শক্তির ওপর ভর করে সত্য খবর প্রকাশ করে যাব।’এ কথা বলেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। গতকাল শুক্রবার পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।সকালে পঞ্চগড় সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রথম আলোর সম্পাদক বলেন, ‘আমরা মাদককে না বলি, আমাদের ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াড ব্যাপক সাড়া ফেলেছে। আমরা জিপিএ-৫ প্রাপ্ত ৮২ হাজার শিক্ষার্থীর জন্য সংবর্ধনার ব্যবস্থা করেছি। দেশের ৬৯টি স্থানে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে।’রাজনীতির প্রসঙ্গে মতিউর রহমান বলেন, ‘রাজনীতিতে দ্বন্দ্ব, হিংসা-বিদ্বেষ—এসব আমাদের হতাশার জায়গা। এ থেকে উত্তরণের পথ খুঁজতে প্রথম আলো সহায়ক ভূমিকা রাখবে।’ মতবিনিময় সভায় অধ্যক্ষ মো. সেলিমউদ্দিন, উদীচী পঞ্চগড়ের সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রধান, নাগরিক কমিটির সভাপতি মো. বসিরুল আলম প্রধান, সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার, সহকারী অধ্যাপক এহতেশামুল হক, গোলাম কিবরিয়া, হাসনুর রশিদ, আবু ছায়েদ প্রধান, প্রবীর চন্দ, এমরান আল আমীন, পঞ্চগড় চেম্বারের সহসভাপতি আবদুল হান্নান শেখ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আবু হিরণ, মখলেছুর রহমান, শিক্ষক রশিদা বেগম, বিএমএ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক মনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে ‘বদলে যাও মিছিল’ অব্যাহত রাখা, প্রাইভেট/কোচিং বন্ধে ভূমিকা রাখা, ভাষা প্রতিযোগে উপহার হিসেবে বাংলা অভিধান প্রদান, যুক্তি প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রথম আলোকে আহ্বান জানান পাঠকেরা। পরে তিনি বোদা উপজেলার বলরাম হাটে অবস্থিত হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের অর্গানিক কৃষি খামার ও কমরেড ফরহাদ মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ওই কৃষি খামারের কর্মকর্তা আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।ঠাকুরগাঁওয়ে মতবিনিময়: সার্কিট হাউসে বিকেল পাঁচটার দিকে শুরু হওয়া মতবিনিময় সভা চলে সাড়ে সাতটা পর্যন্ত। সভায় যুক্তরাষ্ট্রপ্রবাসী রেজাউল ইসলাম বলেন, প্রথম আলো এখন জনপ্রিয় সংবাদপত্র। এটা এখন শুধু দেশে নয়, আমেরিকাপ্রবাসীদের মধ্যেও এক নম্বর অবস্থানে রয়েছে।নাজনিন নাহার বলেন, নারী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রথম আলো সহায়ক হিসেবে কাজ করে। প্রথম আলোর পাতায় নারী উন্নয়ন ও নারী নির্যাতনের তুলনামূলক চিত্র তুলে ধরলে দেশের মানুষ নারী উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে।কবি আবুল হোসেন সরকার বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ, ওদের বদলাতে না পারলে দেশ বদলাবে না। প্রথম আলো দেশ বদলের যে স্লোগান নিয়ে এগিয়ে চলছে, তাতে শিশুদেরও সম্পৃক্ত করতে হবে।সভায় আরও বক্তব্য দেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেন, রাজিউর রহমান, আইনজীবী ইমরান চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেন, নাট্যকর্মী আমল টিক্কু, আবদুল জব্বার, রেজাউল করীম, আফিয়া আকতার, মিতা চক্রবর্তী, সেতারা বেগম, কমল কুমার ও আফরোজা আকতার।