সমাজচ্যুত একজন ফাতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ আগের সেই দিনগুলোর কথা এখনো ভোলেননি ফাতেমা। প্রসববেদনা নিয়ে ছটফট করছেন তিনি, অথচ কেউ হাসপাতালে নেয় না। তিন দিন পর টানাহেঁচড়া করে বাড়িতেই হলো সন্তান; ততক্ষণে সে মৃত। আর কিছুদিন পরই ফাতেমা আবিষ্কার করলেন, এই অবহেলার দরুন তিনি জটিল এক রোগে আক্রান্ত হয়েছেন। এ রোগের জেরে স্বামীও একদিন তাড়িয়ে দিল তাঁকে।

ফাতেমার সঙ্গে কথা হলো রাজধানীর ১৮/২ বকশিবাজারে প্রসবজনিত ফিস্টুলা রোগী চিকিত্সা, আরোগ্য ও পুনর্বাসন প্রকল্পের কার্যালয়ে।একে একে জড়ো হলেন আক্রান্ত বহু নারী।তাঁরা যে রোগে ভুগছেন, তার নাম ফিস্টুলা।এ রোগে আক্রান্ত নারীদের সারাক্ষণ প্রস্রাব ঝরে।

চিকিত্সকদের মতে, প্রসবব্যথা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হলে বা বিলম্বিত প্রসবের সময় সন্তানের মাথা জরায়ুর মুখে আটকে থাকার কারণে মূত্রথলি ও পায়ুপথ চাপের মধ্যে থাকে।চাপে থাকার ফলে এসব জায়গায় রক্ত চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং পচন ধরে।কয়েক দিনের মধ্যে সেখানে তৈরি হয় ছিদ্র।মূত্রথলি ও যোনিপথের মধ্যে অস্বাভাবিক সংযোগ হলে তাকে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা (ভিভিএফ) এবং পায়ুপথ ও যোনিপথের মধ্যে সংযোগ হলে তাকে রেকটোভ্যাজিনাল ফিস্টুলা (আরভিএফ) বলা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফিস্টুলা হওয়ার জন্য কম বয়সে বিয়ে এবং তাড়াতাড়ি সন্তান নেওয়া, গর্ভ-পরবর্তী সেবার অভাব, বিলম্বিত বা বাধাগ্রস্ত প্রসব সম্পর্কে জ্ঞানের অভাব, দক্ষ ধাত্রী ও হাসপাতালে ফিস্টুলা প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীর অনুপস্থিতি বা অভাবসহ নানা কারণ দায়ী। ফাতেমার বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে।আন্দাজে ফাতেমা জানালেন, তাঁর বয়স বর্তমানে ২৬ বছর।

ফাতেমা গত ১২ বা তারও বেশি বছর ধরে সমাজচ্যুত। ফাতেমা এখন বাবার সঙ্গে কৃষিকাজ করেন। ২০০৯ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে ফাতেমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু পুরোপুরি ভালো না হওয়ায় তিনি আবার হাসপাতালে অস্ত্রোপচারের জন্য এসেছেন। অস্ত্রোপচারের তারিখ ঠিক হয়নি। তাই এ সময়টুকু তিনি পুনর্বাসন কেন্দ্রে কৃষিকাজের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। টাকার হিসাব মেলানো, নাম লেখাসহ পড়াশোনাও করছেন ফাতেমা।

স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ইউএনএফপিএর সহায়তায় পরিচালিত প্রকল্পের আওতায় এ পুনর্বাসন কেন্দ্রে ২৮ জন নারীর থাকার ব্যবস্থা আছে।কেন্দ্রের ভেতরেই  বেকারি, সেলাই, রান্না, সবজিবাগান তৈরি ও হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা রয়েছে।প্রশিক্ষণ পেয়ে একসময়ের সমাজচ্যুত এই নারীরা এখন অনেকটাই আত্মবিশ্বাসী।

পুনর্বাসনসংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন।এ প্রকল্পের সমন্বয়কারী খন্দকার খালিদ সামছ প্রথম আলো ডটকমকে জানান, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ৩৮২ জন নারীকে পুনর্বাসন করা হয়েছে।তাঁদের মধ্য থেকে ৮২ জন নারী কমিউনিটি ফিস্টুলা অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন।তাঁরা নতুন রোগীদের খুঁজে বের করেন।চিকিত্সা ও প্রশিক্ষণ শেষে এই নারীরাই যখন এক মুখ হাসি নিয়ে বলেন, তাঁরা সুস্থ, তখনই নতুন করে কাজ করার অনুপ্রেরণা আসে।ফিস্টুলা সেরে গেলে নারীরা একদম স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

এনজেন্ডার হেলথের দেশীয় পরিচালক আবু জামিল ফয়সাল প্রথম আলো ডটকমকে বলেন, বাল্যবিবাহ হলেও সন্তান পরে নেওয়া, বাড়িতে প্রসব হলেও দক্ষ প্রসব সহায়তাকারী নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ না নিলে দেশ থেকে ফিস্টুলা নিরসন করা সম্ভব হবে না।

কোথায় সেবা পাওয়া যাবে

বর্তমানে ইউএনএফপিএর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় ফিস্টুলা সেন্টারসহ দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে ফিস্টুলা রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। ইউএসএআইডির সহায়তায় ঢাকা ও যশোরের আদ-দ্বীন হাসপাতাল, টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতাল এনজেন্ডারহেলথ ফিস্টুলা রোগীদের চিকিত্সা সহায়তা দিচ্ছে। নগরে এই রোগীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্রও পরিচালিত হচ্ছে।