সমাজপতিদের অদ্ভুত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবেসে পালিয়ে বিয়ে করে দুজনই জেল খেটেছে। ছাড়া পাওয়ার পর সমাজপতিরা ছেলে ও মেয়েকে শাস্তি দিয়েছেন। শুধু তাই নয়, দুজনের অভিভাবকদের দুই শতাধিক মানুষের ভূরিভোজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন সমাজপতিরা। ২১ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামে এক সালিসে এ রায় দিয়েছেন তাঁরা। এক সপ্তাহের মধ্যে এই ভূরিভোজের ব্যবস্থা করা না হলে তাদের সমাজচ্যুত করার হুমকি দিয়েছেন সমাজপতিরা। ওই গ্রামের বাসিন্দা মেয়ের বাবা দাবি করেন, দশম শ্রেণীতে পড়ুয়া তাঁর মেয়েকে ১৮ মার্চ অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে শামীম হোসেন। ২২ মার্চ তিনি এ ব্যাপারে একটি অপহরণ মামলা করেন। জানা গেছে, তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বেশ কিছুদিন পর পুলিশ তাদের যশোরের মনিরামপুর থেকে উদ্ধার করে। মেয়ের বাবা জানান, মেয়েটি ২৩ দিন হাজতবাসের পর মুক্তি পায়। ছেলে শামীম প্রায় দেড় মাস হাজতে থেকে ২০ জুলাই বাড়ি ফেরে। এর পরদিন রাতে গ্রামের মাতব্বর ওলিয়ার রহমানের বাড়িতে অনন্য মাতব্বরেরা এ ব্যাপারে সালিস বসান। ফজলুর রহমান, মিজানুর রহমান, জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন মাতব্বর সালিসে উপস্থিত ছিলেন। সেখানে ছেলেমেয়ে ও তাদের অভিভাবকদের হাজির করা হয়। সালিসে মাতব্বরদের রায় অনুযায়ী কয়েক শ মানুষের সামনে ছেলেকে নাকে খত ও মেয়েকে কানে ধরে ৫০ বার উঠবস করতে হয়। পাশাপাশি অভিভাবকদের দণ্ড হিসেবে গ্রামের ২০০ মানুষের ভূরিভোজের জন্য ছেলের বাবাকে ১০০ কেজি আর মেয়ের বাবাকে ২৫ কেজি খাসির মাংস, সঙ্গে চাল-ডাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মেয়ের বাবা জানান, সামান্য বেতনে চাকরি করে এই আয়োজন করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে ছেলের পক্ষ রায় মেনে নিয়েছে বলে তিনি জানান। আর ছেলে ও মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তাদের ছাড়াছাড়ি করিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ছেলের বাবা সাত্তার বিশ্বাসকে পাওয়া যায়নি। মাতব্বর ওলিয়ার রহমান বলেন, সামাজিক বিচারে এ জাতীয় দণ্ডের নিয়ম আছে। তবে কেউ যদি না মানতে চায়, তাহলে আবার বসার সুযোগ আছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য হিয়া খাঁন জানান, তিনি সালিসে মাতব্বরদের এ রায়ের প্রতিবাদ করেছিলেন।