সমাজপতিদের চাপে ছাত্রের বাল্যবিবাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ পালিয়ে থাকার পরও বাল্যবিবাহ থেকে রক্ষা পেল না কলেজছাত্র মিলন মোল্লা (১৬)। এর আগে বিয়ে বন্ধের জন্য গত সোমবার সে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদনও করেছিল। সোমবার রাতেই বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করতে হয়েছে এই মেধাবী ছাত্রকে।স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দের কামরুল ইসলাম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিলন মোল্লার বাড়ি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আফসার শেখের পাড়ায়। প্রতিবেশী তরুণীর পরিবার সম্প্রতি স্থানীয় মাতব্বরদের কাছে মিলেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। দুই সপ্তাহ আগে ইউপি সদস্য উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে এলাকায় সাসিল বসে। এতে স্থানীয় জব্বার মণ্ডল, ছোরাব ব্যাপারী, সহিদ মোল্লা, মোহন মণ্ডল, বাবু মেম্বার, আইয়ুব মেম্বারসহ অনেকে উপস্থিত ছিলেন। বিচারে মিলনকে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে ওই তরুণীকে বিয়ে করার ও মিলন যেহেতু ছাত্র, তাই পড়াশোনার জন্য মেয়ের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন। এ রায়ের পর থেকে মিলন পালিয়ে বেড়াচ্ছে।মিলনের দাবি, মেয়েটি লেখাপড়া করে না, তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। এ অবস্থায় সে বাড়ি ছেড়ে চলে যায়। পরে এক সালিসে বিভিন্নভাবে পরিবারের ওপর চাপ সৃষ্টি করে দ্রুত তাকে হাজির হতে বলে। বৃদ্ধ বাবা ওসমান মোল্লা নিরুপায় হয়ে চাপের মুখে বাড়িতে আসার অনুরোধ জানান। মিলন কলেজ কর্তৃপক্ষের কাছে বাল্যবিবাহের হাত থেকে তাকে রক্ষার দাবি জানায় ও ইউএনওর কাছে সোমবার লিখিত অভিযোগ দেয়। কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, মিলন বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র। বিষয়টি জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউএনওকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এসএসসির সনদ অনুযায়ী তার বয়স ১৬ বছর ১০ মাস। এভাবে অপ্রাপ্ত বয়স্ক এক মেধাবীকে সমাজপতিরা জোরপূর্বক বিয়ে দিতে পারে না। মিলনের মা মনোয়ারা বেগম বলেন, ‘গ্রামের লোকজন আমার মিলনকে শেষ করে দিচ্ছে।’ এ বিষয়ে ওই তরুণীর ভগ্নিপতি সেলিম মালত বলেন, তাঁর শ্যালিকার সঙ্গে মিলনের সম্পর্কের কারণে মাতব্বরেরা সালিসি করে বিয়ের রায় দিয়েছেন। মামা ফজলু মোল্লা বলেন, সালিসরাই সব করেছেন। সালিস সহিদ মোল্লা বলেন, মেয়ে ও ছেলের পক্ষে লোকজন ডাকায় তিনি সালিসে ছিলেন। কার কত বয়স হয়েছে এসব তাদের ব্যাপার।দৌলতদিয়া ইউনিয়নের কাজি আবদুল জব্বার বলেন, ‘চেয়ারম্যান, মেম্বার আজকের (মঙ্গলবার) মধ্যে জন্মনিবন্ধন সনদ দেওয়ার কথা বলে কাবিন করতে বললে কাবিন করিয়ে দেই। এ ছাড়া আমি নিজেই জানি, ছেলের বয়স হতে হবে ২১ ও মেয়ের ক্ষেত্রে ১৯ বছর। আমি বর্তমানে ঢাকায় আছি, এসে সব বলতো পারবো।’গোয়ালন্দের অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদরের ইউএনও মো. এরাদুল হক প্রথম আলোকে বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া আইনত অপরাধ। সোমবার অভিযোগ পাওয়ার পর রাতেই থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।