সমাজপতিদের সেই অদ্ভুত রায় প্রত্যাহার
ঝিনাইদহের ভগবাননগর গ্রামে এক সালিসে দেওয়া সেই অদ্ভুত রায় অবশেষে প্রত্যাহার করেছেন সমাজপতিরা। গত বুধবার তাঁরা বৈঠক করে ওই রায় প্রত্যাহারের ঘোষণা দেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের এক ছেলে ও এক মেয়ে প্রেম করে বিয়ের উদ্দেশ্যে বাড়ি ছাড়ে। এরপর মেয়ের বাবা অপহরণ মামলা করলে পুলিশ উভয়কে আটক করে। পরে তারা আদালতের মাধ্যমে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেলে গ্রামের মাতবররা এ ব্যাপারে সালিসের আয়োজন করেন। ২১ জুলাই ওলিয়ার রহমানের বাড়িতে সালিসে মাতবররা ছেলে ও মেয়েকে শাস্তি দেন। পাশাপাশি তাঁরা গ্রামের দুই শতাধিক লোকের ভূরিভোজের ব্যবস্থা করার জন্য ছেলে ও মেয়ের বাবাকে নির্দেশ দেন। এক সপ্তাহের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন না করা হলে তাদের সমাজচ্যুত করারও হুমকি দেওয়া হয় সালিসে। এ নিয়ে ২৭ জুলাই প্রথম আলোয় ‘সমাজপতিদের অদ্ভুত রায়’ শিরোনামে একটি খবর ছাপা হয়। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, পত্রিকায় খবর প্রকাশের পর তিনি ওই গ্রামে গিয়ে সংশ্লিষ্ট মাতবরদের খুঁজেও পাননি। এদিকে পুলিশ যাওয়ার খবর পেয়ে মাতবররা বুধবার রাতে গ্রামের বয়ড়াতলা বাজারে বৈঠকে বসেন। তাঁরা আগের দেওয়া রায় প্রত্যাহার করে মামলা তার নিজস্ব গতিতে চলবে বলে উভয় পক্ষকে জানিয়ে দেন। মাতবর ওলিয়ার রহমান জানান, আগের সিদ্ধান্ত ভুল হওয়ায় তাঁরা তা প্রত্যাহার করে নিয়েছেন। মেয়ের বাবা জানান, মাতবরেরা রায় প্রত্যাহার করায় তিনি খুশি।