চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদের অধীনে তিনটি ইউনিটের ফল গতকাল মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এতে দেখা গেছে, ৭৯ দশমিক ৫৫ শতাংশ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
গত সোমবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটি সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত ‘ডি’-১, ২ ও ৩ ইউনিটে ৩০ হাজার ৮৬১ জন আবেদনকারীর মধ্যে অংশ নেন ২৬ হাজার ১৩৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন পাঁচ হাজার ৪৬ জন। যা পরীক্ষায় অংশগ্রহণকারীদের ২০ দশমিক ৪৫ শতাংশ।
‘ডি’-১ ইউনিটে (মানবিক শাখা) এক হাজার ২৭৪ জন, ‘ডি’-২ ইউনিটে (বিজ্ঞান শাখা) এক হাজার ৬৪৪ জন এবং ‘ডি’-৩ ইউনিটে (ব্যবসায় শিক্ষা শাখা) দুই হাজার ৪২৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৫ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ফলাফল ও সাক্ষাৎকার-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আবুল হোসাইন বলেন, ‘পরীক্ষায় পাস-ফেলের ব্যাপারে মন্তব্য করতে চাই না। কারণ পরীক্ষাটি আমার অনুষদের অধীনে অনুষ্ঠিত হয়েছে।’