ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা কুষ্টিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলা নববর্ষ উদ্যাপনের চাঁদা জমা না নেওয়ায় এবং দায়িত্ব পালন করতে না দেওয়ায় তাঁরা গত সোমবার এ ঘটনা ঘটান। এ ঘটনায় ওই বিভাগের শিক্ষকেরা নববর্ষের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন ।কলেজ শাখা ছাত্রলীগের নেতা সাধন কুমার বিশ্বাস বলেন, কয়েকজন ছাত্রছাত্রী টাকা দিতে গেলে ওই বিভাগের এক ম্যাডাম তাঁদের গালিগালাজ করেন। বিষয়টি তাৎক্ষণিক অধ্যক্ষকে জানানো হয়।সমাজবিজ্ঞান বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আবু শামীম বলেন, ‘বিভাগের চতুর্থ বর্ষের কয়েকজন ছাত্র নববর্ষের দায়িত্ব পালনের জন্য আসেন এবং এক ম্যাডামকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর আমরা কক্ষ থেকে বের হয়ে যাই এবং অধ্যক্ষকে জানিয়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিই। কোনো শিক্ষক শিক্ষার্থীদের গালিগালাজ করেননি।’