জ্যৈষ্ঠের পড়ন্ত বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় গতকাল শুক্রবার মুখর ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র। আড্ডা, স্মৃতিচারণা, চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা বরণ করেন নতুন বর্ষকে।‘ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই’ এই মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাসচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘মাসের হিসাবে বর্ষবরণ বিলম্ব হলেও ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতার যে বরণ, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা এখানে মিলিত হয়েছি বন্ধুত্ব ও ভালোবাসার টানে। বরণ করছি নতুন বর্ষকে।’ তিনি বলেন, ১৯৫৭ সাল থেকে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হলেও এর যতটুকু বিস্তারের প্রয়োজন ছিল, ততটুকু বিস্তৃত হয়নি। সমাজবিজ্ঞানের শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন বিষয় অনুধাবন করতে না পারলে শিক্ষা ফলপ্রসূ হয় না।সংগঠনের সভাপতি সি এম কয়েস সামির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা আনোয়ার উল্লাহ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদুল হক, ওরিয়ন গ্রুপের পরিচালক আরজুদা করিম, ইউটিসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী প্রমুখ।