সমাজসেবা কর্মকর্তার শাস্তির দাবিতে পাবনায় মুক্তিযোদ্ধাদের মিছিল
প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতার তালিকা থেকে বাদ দিয়ে অমুক্তিযোদ্ধাদের তালিকা করার অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছে পাবনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। এ দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে তারা মিছিল করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।স্মারকলিপিতে বলা হয়, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার আগে থেকেই টাকার বিনিময়ে স্বাধীনতাবিরোধী অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে ভাতা দিয়ে আসছেন। এবার ১১২ জন আবেদনকারীর মধ্যে ৭৭ জনকে তালিকাভুক্ত করলেও তাঁদের অধিকাংশই স্বাধীনতাবিরোধী অমুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা সমাজসেবা কর্মকর্তার দ্রুত অপসারণ ও শাস্তি দাবি করেন। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের বিশ্বাস, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম, শহীদুল্লাহ আহম্মেদ, শফিউল আলম প্রমুখ।এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার প্রথম আলোকে বলেন, ‘সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ১০ জন ইউপি চেয়ারম্যানকে নিয়ে একটি ভাতা প্রদান যাচাই-বাছাই কমিটি রয়েছে। যে কমিটি পরিপূর্ণভাবে যাচাই-বাছাই করে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের তালিকা করে। এখানে দুর্নীতির কোনো সুযোগ ছিল না। সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কিছু মুক্তিযোদ্ধার সুপারিশ করা মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত না করায় তাঁরা আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।’