সমাজসেবা কার্যালয়ে হামলা
কক্সবাজারের মহেশখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ে গত বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান’ কর্মসূচির প্রকল্প বাস্তবায়ন কমিটিতে সদস্য হিসেবে ছাত্রলীগের এক নেতার নাম না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়া ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান’ কর্মসূচির প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি উপজেলার আটটি ইউনিয়নে নয় সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। উপজেলার কুতুবজোম ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেখ কামালকে সদস্য করা হয়নি। এ কারণে তিনি ক্ষিপ্ত হয়ে বুধবার ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন।এ ঘটনায় গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির জরুরি সভা হয়। এতে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিব উল্লাহ চৌধুরী অভিযোগ করেন, ‘ইউনিয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটিতে ছাত্রলীগের নেতা শেখ কামাল সদস্য হওয়ার চেষ্টা করেন। সদস্য হতে না পেরে শেখ কামাল ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমার কার্যালয়ে হামলা চালান।’উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেখ কামাল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আগামী তিন দিনের মধ্যে ইউনিয়নভিত্তিক প্রকল্প বাস্তবায়ন কমিটিতে তাঁদের দায়ের করা তালিকা থেকে সদস্য না নিলে তাঁরা বড় কর্মসূচি ঘোষণা দেবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন জানান, ছাত্রলীগের কর্মীরা সরকারি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।