সমাজসেবার অনুমোদন নিয়ে ক্ষুদ্রঋণের ব্যবসা
সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চারটি সংস্থা প্রায় ১৫ বছর ধরে গোপনে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংস্থা চারটি হলো: সোস্যাল ওমেন অর্গানাইজেশন ফর ভিলেজ অ্যাডভান্সমেন্ট (সোভা), খন্দকার কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অর্গানাইজেশন, গ্রাম উন্নয়ন ধারা (গুড) ও আমশট্ট সনাতন সংস্থা (আসস)।উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, আসস শুধু সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমশট্ট বাজারে এই সংগঠনের কার্যালয়। অন্য তিনটি সংগঠন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অনুদান পাচ্ছে। সংগঠন তিনটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সাময়িক অনুমোদন নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করার দাবি করছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৮ সালে নয়জন বিনিয়োগকারী প্রায় কোটি টাকা বিনিয়োগ করে আসসের ঋণ কর্মসূচি চালু করেন। প্রতিটি গ্রামে ও পাড়ায় নারী দলনেতার নেতৃত্বে সংস্থার ইউনিট রয়েছে। নারীরা সংস্থার পাস বইয়ের মাধ্যমে সপ্তাহে ২০ টাকা করে সঞ্চয় জমা দিয়ে থাকেন। সর্বোচ্চ ২০ হাজার টাকা ঋণ দেয় এ সংস্থা। প্রতি সপ্তাহে হাজারে ২৫ টাকা করে কিস্তি দেন সদস্যরা। একইভাবে অন্য তিনটি সংগঠন ঋণ কার্যক্রম পরিচালনা করে।১১ জুলাই সকালে উপজেলার মোড়গ্রামে গিয়ে দেখা যায়, আসসের সদস্যরা কিস্তি দেওয়ার জন্য দলনেতা রাশেদা বেগমের বাড়িতে জড়ো হচ্ছেন। এ সময় সদস্য মিনা বিবি বলেন, ‘স্বামীর ব্যবসার জন্যি ১২ হাজার ট্যাকা লোন লিছি। প্রতি সপ্তাহে ৩০০ ট্যাকা কর্যা কিস্তি দেওয়া লাগে। ব্যাংকত থ্যাকা ট্যাকা লিবার গেলে অনেক কাগজপত্র লাগে। কিস্তির ট্যাকা বেশি হলেও ঝামেলা কমের জন্যি সাদা কাগজত টিপ দিয়্যা ট্যাকা লিছি।’আসসের ব্যবস্থাপনা পরিচালক সুশীল চন্দ্র বর্মন বলেন, ‘খুব স্বল্প পরিসরে ঋণ কার্যক্রম চালু করা হয়েছে। এ মুহূর্তে ঋণ কার্যক্রম বন্ধ করা হলে ঋণের টাকা উদ্ধার করা যাবে না। তাই সমাজসেবা কর্মকর্তাকে জানিয়ে ঋণের টাকা তুলছি।’সোভার নির্বাহী পরিচালক আনোয়ার-উল-আজাদ বলেন, ‘আমরা পিকেএসএফের অনুমোদন নিয়ে আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচির কাজ করে থাকি। আবার এমআরএ আবেদনের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাই। তবে এখন তা বন্ধ রয়েছে।’ একই ধরনের কথা বলেন গুডের নির্বাহী পরিচালক হাফিজার রহমান।উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র প্রামাণিক জানান, সমাজসেবা অধিদপ্তর কোনো সংগঠনকে ঋণ কার্যক্রম চালানোর অনুমতি দিতে পারে না। সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত উপজেলার তিনটি সংগঠন এমআরএ’র সাময়িক অনুমোদন নিয়ে ঋণ কার্যক্রম চালাচ্ছিল। বর্তমানে তারা কার্যক্রম বন্ধ রেখেছে। আসস সংগঠনের ঋণ কার্যক্রম বন্ধের জন্য খুব শিগগিরই চিঠি দেওয়া হবে।সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপপরিচালক এবিএম মোস্তফা কামাল বলেন, ‘কোনো সংগঠন ক্ষুদ্রঋণ কার্যক্রম চালালে তা লিখিতভাবে আমার কাছে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেব।’