সমাজসেবার নামে ক্ষুদ্রঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে প্রায় অর্ধশত বেসরকারি সংস্থার বিরুদ্ধে অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও ঋণের বিপরীতে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সমাজসেবা অধিদপ্তর থেকে জনসেবামূলক কাজ করার অনুমতি এনে সংস্থাগুলো এ ধরনের তৎপরতা চালাচ্ছে। এ রকম কয়েকটি সংগঠন ইতিমধ্যে গ্রাহকদের টাকা নিয়ে উধাও হয়ে গেছে।জেলার সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জনসেবা বা জনকল্যাণমূলক কাজ করার জন্য তাদের কাছ থেকে এ পর্যন্ত ৪৯০টি সংস্থা অনুমোদন নিয়েছে। নিয়মিত কাজ না করায় এদের মধ্যে ৯০টির নিবন্ধন বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। বাকিগুলোর ৪৭টি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এমআরএ) অনুমোদন ছাড়াই ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাচ্ছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এমআরএ ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য এসডিএস, নুসা ও সেবা নামের তিনটি সংস্থাকে অনুমতি দিয়েছে। আর এমআরএতে আবেদন দিয়ে কার্যক্রম পরিচালনা করছে পল্লী উন্নয়ন সংস্থা, উষা, মিতালী, সার্প, সোডেপ ও ডিডি।জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, গত চার মাসে অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী তিনটি সংস্থা গ্রাহকদের প্রায় ৫০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। সংস্থাগুলো হলো নড়িয়া উপজেলার গৌরঙ্গ বাজারে আর্থ অ্যসোসিয়েশন, ডামুড্যা উপজেলার ইসলামপুরে সমাজ উন্নয়ন, শরীয়তপুর সদর উপজেলার দাসার্ত্তা গ্রামের ভিশন।খোঁজ নিয়ে জানা গেছে, এমআরএর বিধি অনুযায়ী ক্ষুদ্রঋণ কার্যক্রম ক্রমহ্রাসমান স্থিতি পদ্ধতিতে বাৎসরিক সর্বোচ্চ ২৭ ভাগ সুদ গ্রহণ করা যাবে। কিন্তু শরীয়তপুরে অবৈধভাবে পরিচালিত অধিকাংশ সংস্থা ৩০-৩৫ ভাগ পর্যন্ত সুদ নেয়। অনেক সংস্থা ঋণ দেওয়ার পরের দিন থেকেই কিস্তি আদায় শুরু করে। এমন একটি সংস্থা গোসাইরহাট উপজেলার ইকরাম সোসাইটি। তারা গ্রাহকের কাছ থেকে ৩৫ শতাংশ হারে সুদ নেয়। সোসাইটির সভাপতি আনসার উদ্দিন বলেন, ‘নিবন্ধন নেওয়ার পর গ্রাহকদের পণ্য বিক্রি ও ঋণ দেওয়া শুরু করি। অল্প পরিসরে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালানো হচ্ছে। এমআরএ থেকে অনুমোদন নেওয়া হয়নি।’ ভেদরগঞ্জ উপজেলার চেতনা সমাজকল্যাণ কেন্দ্র ৩০ ভাগ পর্যন্ত সুদ আদায় করছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবদুল হাকিমকে মুঠোফোনে পাওয়া যায়নি। ঋণ গ্রহণকারী চরকুমারিয়া গ্রামের নাসরিন বেগম বলেন, অন্য সংস্থাগুলো থেকে তাঁদের সুদ একটু বেশি। ইউরো বাংলার নির্বাহী পরিচালক ফারুক আহমেঞ্চদ জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রম চালানোর জন্য তাঁদের কোনো সনদ নেই। তবে সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ঋণ কার্যক্রম চালানো হচ্ছে।শরীয়তপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইউসুফ আলী মিয়া বলেন, কিছু সংগঠন অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে কয়েকটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটিকে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।