মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে ‘বিধবা ও স্বামী-পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম’ সমাজসেবা অধিদপ্তরের আওতায় নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মহিলা অধিদপ্তরে কর্মরত ব্যক্তিরা জানিয়েছেন, সরকার কেন এ সিদ্ধান্ত নিচ্ছে তা তাঁদের কাছে স্পষ্ট নয়। এ নিয়ে তাঁরা অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। ২০১০-১১ অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।অথচ ২০০৯ সালের ৭ জুলাই জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে বিধবা ভাতা দেওয়ার কার্যক্রম মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রাখার সুপারিশ করা হয়। এ মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করা হয়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সচিব পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সরকারি কার্যবিধি (রুলস অব বিজনেস) অনুযায়ী এ কার্যক্রমটি মহিলা অধিদপ্তরের আওতায় ছিল। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় এ কার্যক্রম পরিচালনার জন্য কার্যবিধি পরিবর্তনের প্রক্রিয়া চলছে। সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে নীতিগত অনুমোদনও পাওয়া গেছে।’মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, বিধবা ও স্বামী ছেড়ে যাওয়া নারীদের ভাতা দেওয়ার কার্যক্রম সমাজসেবা অধিদপ্তরের আওতায় যাবে—এ সিদ্ধান্ত হয়েছে। ২০০৯-১০ অর্থবছরে মহিলা মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ থাকায় এ সময়ের পর কার্যক্রমটি সমাজসেবার আওতায় চলে যাবে। তিনি বলেন, ‘মহিলা অধিদপ্তরে শিশুবান্ধব কাজ বাড়ানো, মাতৃত্বকালীন ভাতা কর্মসূচিকে আরও বিস্তৃত করাসহ বেশ কিছু কাজ হাতে নেওয়া হবে। এক জায়গা থেকে ভাতা কার্যক্রম সমন্বয় করা সহজ হবে বলে হয়তো সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।’মহিলা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান অর্থবছরে নয় লাখ ২০ হাজার উপকারভোগীর জন্য ৩৩১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ১৬৫ কোটি ৬০ লাখ টাকা ছাড় করা হয়েছে। ভাতার দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রক্রিয়া চলছে।২০০৩-০৪ অর্থবছর থেকে এ কার্যক্রম মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তর বাস্তবায়ন করছে। অধিদপ্তরের মহাপরিচালক রওশন আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের কথা শুনেছি। তবে এখনো চিঠি পাইনি।’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচির সঙ্গে বেশি সম্পৃক্ততা থাকায় ২০০৩-০৪ অর্থবছর থেকে তত্কালীন প্রধানমন্ত্রীর অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।এ কার্যক্রম যাতে সমাজসেবার আওতায় না যায়, সে জন্য বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বরাবর চিঠি এবং মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।জানা গেছে, ১৯৯৮ সালে এ কার্যক্রম শুরু হয়। তখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চার লাখ তিন হাজার ১১০ জন উপকারভোগী নারীকে এককালীন ১০০ টাকা দেওয়া হতো। পরে ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে সরকার ভাতা দেওয়ার এ কর্মসূচি নিয়মিত পরিচালনার সিদ্ধান্ত নেয়। মাসিক ভাতার পরিমাণ করা হয় দেড় শ টাকা।