সমাজে ইতিবাচক পরিবর্তনে শামিল হওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে কিশোর-কিশোরী সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার কিশোর-কিশোরী অংশ নেয়। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে। পরে সেসব দাবি পূরণে তারা নিজেরাও শামিল হওয়ার অঙ্গীকার করে। রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে ‘ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় গতকাল সকালে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে এ কিশোর-কিশোরী সম্মেলনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা কিশোর-কিশোরীরা পৌরসভা কার্যালয় চত্বরে স্থাপিত স্ব-স্ব স্টলে ব্যানার-ফেস্টুনে নারী ও শিশু নির্যাতন, শিশুশ্রম, এসিড নিক্ষেপ বন্ধ করা, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও যৌন হয়রানি রোধ, প্রতিবন্ধীদের অবহেলা না করাসহ নানা দাবি তুলে ধরে। এ ইতিবাচক পরিবর্তনে তারা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা এবং আইনের সুরক্ষা কামনা করে। কিশোর-কিশোরীরা দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, তাদের দাবিগুলোর ওপর দলীয় আলোচনার ভিত্তিতে মতামত প্রদান এবং সেগুলো বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মসূচি উপস্থাপন করে। পরে বিকেলে তারা সবাই একযোগে এসব কর্মসূচি বাস্তবায়নে শামিল হওয়ার অঙ্গীকার করে।সকালে পৌরসভা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি রোধ এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে কিশোর-কিশোরীদের সচেতন করে গড়ে তুলতে হবে। বিভিন্ন সমস্যা সমাধানে ভবিষ্যৎ প্রজন্মের সচেতন উদ্যোগ ছাড়া দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমান, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি জেবুন্নেসা জেবু প্রমুখ। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় ও বাঙালি নারী-পুরুষের পোশাকে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।