সমাজে ফিজিওথেরাপি সেবার চাহিদা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সমাজে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপির (অঙ্গসংবাহন ও তাপ/বিদ্যুৎ প্রয়োগ-পদ্ধতিতে চিকিৎসা) চাহিদা বাড়ছে। ফিজিওথেরাপি শিক্ষা ও সেবার যথাযথ উদ্যোগ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনি লিখিত অনুরোধ করবেন।গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় ফিজিওথেরাপি সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এ সম্মেলনের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এমবিবিএস বা অন্য শিক্ষার মতো ফিজিওথেরাপির মৌলিক শিক্ষার সময়কাল সমান অর্থাৎ পাঁচ বছর হওয়া উচিত। এতে ফিজিওথেরাপি শিক্ষার সম্মান বাড়বে এবং অবস্থান দৃঢ় হবে। তিনি আরও বলেন, ফিজিওথেরাপির জন্য পৃথক কাউন্সিল করতে অর্থ কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না।অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, চিকিৎসকেরা নার্স, হেলথ টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট—এসব পেশার প্রসারে বাধা সৃষ্টি করেন। সরকারি শিক্ষাব্যবস্থা ও হাসপাতালে ফিজিওথেরাপির প্রসার ঘটানো যাচ্ছে না। তাই বেসরকারি প্রতিষ্ঠানের ওপর জোর দেওয়া হয়েছে।একাধিক আলোচক বলেন, দুর্ঘটনা বা বড় অস্ত্রোপচারের পর ফিজিওথেরাপি সেবার প্রয়োজন হয়। এটা চিকিৎসা ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন পেশা হিসেবে স্বীকৃত।অনুষ্ঠানের শুরুতে বিপিএর মহাসচিব মো. বখতিয়ার বলেন, ফিজিওথেরাপিস্টরা অবহেলার শিকার। সরকারিভাবে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পাস করা ফিজিওথেরাপিস্টদের কোনো প্রতিষ্ঠানে নিবন্ধন হয় না, এ বিষয়ে নিয়মনীতি নেই। তিনি এ জন্য পৃথক কাউন্সিল গঠনের সুপারিশ করেন।