শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের মৌলিক সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সরকারের কমিউনিটি ক্লিনিক ও একটি খামার একটি বাড়ি প্রকল্পের উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বাস্তবমুখী প্রকল্প গ্রহণের কারণে সমাজে সুখ ফিরে আসছে। গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ‘উঠানবৈঠক’ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে বিকেলে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভা, চন্দরপুর-বুধবারীবাজার-বহরগ্রাম-বাণীগ্রামবাজার রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, চন্দরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও লামা চন্দরপুর সরকারি প্রথামিক বিদ্যালয় ভবন সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসব অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, ইউএনও এস এম মুনীর উদ্দীন, নারী ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।