বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতিকে সমাজের কাঠামোগত সমস্যা হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এ সমস্যার প্রধান কারণ হিসেবে তিনি দেশের সাধারণ মানুষের সম্পদ, শিক্ষা ও বাজারসুবিধার প্রাপ্যতা না থাকাকে দায়ী করেছেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার রাতে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে রেহমান সোবহানকে ১৭তম রোটারি সিড অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ক্লাবের নতুন কমিটির অভিষেকও হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে রেহমান সোবহান বলেন, দেশের বেশির ভাগ মানুষ মানসম্মত শিক্ষার সুযোগ পায় না। আবার তারা সম্পদ থেকেও বঞ্চিত। পাশাপাশি বাজারের মাধ্যমে যে সুবিধা পাওয়ার কথা ছিল, সেটাও তারা পাচ্ছে না। এসব বঞ্চনা সমাজের দারিদ্র্যকে বজায় রেখেছে ও বৈষম্য বাড়াচ্ছে।
দারিদ্র্য নিরসনে কাজ করার জন্য রেহমান সোবহান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলে হাসান আবেদের প্রশংসা করেন। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ দুজন নিরন্তর কাজ করে যাচ্ছেন। এখন সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে পিছিয়ে পড়া গরিব মানুষের জীবনমানের উন্নতি ঘটানোর।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, মানব উন্নয়নে রোটারিয়ানরা যেভাবে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন, তা কোনো মূল্য দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। তাদের কাজ টেকসই উন্নয়নের ভূমিকা রাখছে, যা গণতন্ত্র সুসংহত করার জন্য সহায়ক হয়।
অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রোটারি ক্লাব অব ঢাকা মেট্রোপলিটনের নতুন সভাপতি ফোরকান বিন কাশেম, সদ্য সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ, সহসভাপতি নাজনীন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ক্লাবের নতুন কমিটির ২০১৪-১৫ কার্যবছরের অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এটি ছিল ৩২তম অভিষেক।