সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে চান যৌনকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যৌনকর্মীরা। গতকাল শনিবার মহানগর নাট্যমঞ্চে যৌনকর্মীদের জাতীয় সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেন, সমাজে চাহিদা আছে বলেই পেশাটির অস্তিত্ব আছে। তাই সমাজ থেকে যৌনকর্মীদের বিচ্ছিন্ন করা যাবে না।
যৌনকর্মীদের সংগঠন দুর্জয় নারী সংঘের সাবেক সভানেত্রী শাহনাজ বেগম বলেন, ‘সমাজে চাহিদা আছে বলেই আমরা আছি। তাহলে আমরা আলাদা থাকব কেন? আমরা আলাদা কবরস্থান চাই না। বাচ্চাদের জন্য আলাদা স্কুল চাই না। আমরা সবার সঙ্গে থাকব।’
দুর্জয় নারী সংঘ ও বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। আলোচনায় অংশ নিয়ে একাধিক যৌনকর্মী বলেন, যৌনকর্মীরা কেউ স্বেচ্ছায় এ পেশায় আসেননি। সমাজের প্রভাবশালীদের অনেকেই রাতের বেলা যৌনকর্মীদের কাছে গেলেও দিনের বেলা তাঁদের এড়িয়ে চলেন, যৌনকর্মীদের গালি দেন, এরা যৌনকর্মীদের পুনর্বাসনের উদ্যোগ নেন না।
সম্মেলনে বলা হয়, বাংলাদেশে এখন ৭৪ হাজার ৩০০ নারী যৌন পেশায় আছেন। এদের ৫৪ শতাংশ যৌনপল্লিতে, ৪১ শতাংশ ভাসমান এবং ৫ শতাংশ হোটেলে কাজ করেন।
জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৭০০ যৌনকর্মী আসেন। এঁদের অনেকের সঙ্গেই ছিল তাঁদের সন্তানেরা। মায়েরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দৌলতদিয়া যৌনপল্লির মুক্তি মহিলা সমিতির সভাপতি মর্জিনা বেগম বলেন, দৌলতদিয়ায় ৮৮৬টি শিশু আছে। ২০০৪ সাল থেকে চলে আসা কর্মসূচির কারণে ৩৮৩টি শিশুকে পড়ালেখার সুযোগ করে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ‘শিশু শিশুই, আপনার বাচ্চা হোক বা আমার বাচ্চাই হোক। তাহলে বৈষম্য কেন? যৌনপল্লির ছোট্ট একটা কামরায় মা কাস্টমার ঢোকাবে, না বাচ্চা পড়বে?’
একাধিক যৌনকর্মী এই পেশায় আসার কষ্টের কাহিনি বর্ণনা করেন। একজন বলেন, পেটের দায়ে ঢাকায় এসে ঠিকে ঝিয়ের কাজ নিয়েছিলেন। একটি বাসায় গৃহকর্তা ও অন্য একটি বাসায় মালিকের দুই ছেলে যৌন নির্যাতন করে। পরে গ্রামের বাড়িতে ফিরে যান। এক নারী ঢাকায় এক বাসায় ভালো বেতনে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেচে দেন তাঁকে।
নতুন আইন দরকার: সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইন কমিশনের সদস্য মো. শাহ আলম বলেন, যৌনকর্মীদের সুরক্ষায় নতুন আইন করা প্রয়োজন। তিনি বলেন, বৈষম্যবিলোপ আইনের খসড়া হয়েছে। ওই আইনের একটি ধারায় বলা হয়েছে, বাবা-মায়ের পেশার কারণে কোনো শিশু শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হবে না।
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেসের (ট্রাস্ট) সম্মানিক পরিচালক সারা হোসেন বলেন, যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে যৌনকর্মীদের উচ্ছেদ করা যাবে না। অনুষ্ঠানে সরকারের ন্যাশনাল এইডস ও এসটিডি কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন, ইউএনএইডস-এর কর্মকর্তারাও বক্তব্য রাখেন।