ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মহাত্মা গান্ধী সমাজের ও মানুষের মনের আবর্জনা, সংকীর্ণতা ও কুটিলতা দূর করতে চেয়েছিলেন।ষষ্ঠ মহাত্মা গান্ধী স্মারক বক্তৃতায় গতকাল সোমবার এ মন্তব্য করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ঢাকার ভারতীয় হাইকমিশন যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বক্তৃতার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্বে সাংস্কৃতিক সংকট কাটাতে গান্ধীজির মানবতাবাদী দর্শন সহায়তা করতে পারে। মহাত্মার আদর্শ, দর্শন রাজনৈতিক-সামাজিক চিন্তাধারা তথা অন্যায় শোষণের বিরুদ্ধে অহিংস নীতি আজও আমাদের উদ্বুদ্ধ করে।’ ‘সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধী’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ।