সমাজের সর্বত্র মীনা চরিত্র দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীনা চরিত্র শুধু শিশুশিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ ও জেন্ডার-বৈষম্য রোধে নয়। সমাজের সব জায়গায় মীনা চরিত্র দরকার বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ‘শুধু শিক্ষামূলক নয়, মাদক, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে মীনার মতো আরও চরিত্র সৃষ্টি করতে হবে।’
গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ‘মীনা দিবস-২০১৫’ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান এ কথা বলেন। শিশু শিক্ষার প্রসার ও বাল্যবিবাহ রোধে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর ‘মীনা দিবস’ পালন করা হয়। তবে ঈদুল আজহার ছুটি থাকায় গতকাল বাংলাদেশে দিবসটি পালন করা হলো। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কন্যাশিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রতিটি শিশু যেন এক একটি ফুল।’
শিক্ষকদের উদ্দেশ করে মোস্তাফিজুর বলেন, ‘মাথা ঠান্ডা রেখে আমাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা দিতে পারলে আমরা অনেক দূর এগোতে পারব। শিক্ষকদের বলব, চোখ বন্ধ করে নিজেদের দায়িত্বের কথা ভাবুন। নিজেদের কাজ বাড়িয়ে দিন। গত বছর যা করেছেন, এ বছর আরও বাড়ান।’ জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবিদার বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে বাংলাদেশে একটি সচেতনতা তৈরি করেছে মীনা। শিশুদের লেখাপড়া, বিশেষ করে কন্যাশিশুর শিক্ষায় মীনার অবদান অনেক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল জলিল প্রমুখ। ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী দিবসটি পালন করে আসছে সরকারি ও বেসরকারি সংস্থা।