চলমান রাজনৈতিক সমস্যার সমাধান প্রধান দুই রাজনৈতিক দলকেই করতে হবে। তা না হলে দেশ অনিবার্যভাবে সংঘাতের দিকে যাবে। গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘সমস্যা দুই দল সৃষ্টি করেছে। তারা সমাধান না করলে দেশের বা দেশের বাইরের কেউ এর সমাধান করতে পারবে না। দুই পক্ষ এক হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তাতে আমরা সমর্থন দেব।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি হাফিজ উদ্দিন খান বলেন, দুই দলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তারাই ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে উপেক্ষা করে, দলীয়করণ করে, চাঁদাবাজি-টেন্ডারবাজি করে। আর বিরোধী দলে গিয়ে সংসদ বর্জন করে। এদের কাছে ভালো কিছু আশা করা যায় না।
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচন পদ্ধতির স্থায়ী সমাধান দরকার। প্রতিবার নির্বাচনের আগে গোলযোগ সৃষ্টি হবে, এটি হতে পারে না। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের ১৫তম সংশোধনীর কারণে আজকের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই সংশোধনী অনৈতিক ও বেআইনি।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, দুঃখজনক হলো ক্ষমতায় থাকার জন্য এবং যাওয়ার জন্য নেতারা কূটনীতিকদের কাছে ছুটছেন। এসব অবস্থা থেকে নিস্তার পেতে হলে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পাঁচ বছর পরপর ভোট দেওয়ার মধ্যে গণতন্ত্র সীমাবদ্ধ থাকতে পারে না। এ জন্য নির্বাচন ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম রব, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সাবেক সাংসদ এস এম আকরাম প্রমুখ।