সমাধান কেবল মেয়র প্রার্থীদের ইশতেহারে!
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রধান ইস্যুই হয় ‘জলাবদ্ধতার’ সমস্যা। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির ফুলঝুরি বয়ে দেন প্রার্থীরা। কিন্তু মেয়র পাল্টালেও নগরবাসীর ভোগান্তির হেরফের হয় না।
২০১০ সালের ১৪ জুন বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা। এর দুই দিন পর ১৭ জুন সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। জলাবদ্ধতা ইস্যুকে কাজে লাগিয়ে টানা ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম।
ওই নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনী ইশতেহারে জলাবদ্ধতা নিরসনের বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। ‘সিটি গভর্নমেন্টই’ ছিল ইশতেহারের মূল বিষয়। ইশতেহারকে সাতটি খাতে ভাগ করে ৫৪টি প্রতিশ্রুতি দেওয়া হয়। এর মধ্যে জলাবদ্ধতার বিষয়টি স্থান পায় নাগরিক সেবায়। এতে বলা হয়, দুই দশক ধরে চট্টগ্রাম নগরীতে বর্ষাকালীন জলাবদ্ধতা নাগরিক জীবনকে বিপর্যস্ত করে। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নগরকে সম্পূর্ণভাবে জলাবদ্ধতামুক্ত করা হবে।
নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন মোহাম্মদ মন্জুর আলম। ‘পরিবর্তন—একটি উন্নত চট্টগ্রামের জন্য’ শীর্ষক ইশতেহারে তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নের জন্য ৫৬ দফা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর প্রধান অঙ্গীকারই ছিল জলাবদ্ধতার সমস্যাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করার। ১ ও ৪ নম্বর প্রতিশ্রুতিই ছিল বৃষ্টি ও জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনের বিষয়ে। এ জন্য চাক্তাই খাল পুনঃখননসহ প্রয়োজনীয় নালা-নর্দমা নির্মাণ ও সংস্কার করে বৃষ্টির পানিপ্রবাহকে বাধামুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আর অন্য প্রতিশ্রুতি ছিল জোয়ারজনিত জলাবদ্ধতা ঠেকাতে কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত খালগুলোর মুখে জলকপাট (স্লুইসগেট) নির্মাণের। ২০১৫ সালের ২৭ মার্চ মন্জুর আলম যখন মেয়রের দায়িত্ব ছাড়েন, তখনো এই সমস্যার সমাধান হয়নি।
মোহাম্মদ মন্জুর আলমকে হারিয়ে ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচনে মেয়র পদে জয়ী হন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তাঁর ইশতেহার পুস্তিকার মলাটে লেখা ছিল ‘জলাবদ্ধতামুক্ত জনবান্ধব চট্টগ্রাম’।
‘জলাবদ্ধতা থেকে মুক্তি’ শীর্ষক অনুচ্ছেদের প্রথম লাইনটিই ছিল, ‘জলাবদ্ধতার সমস্যা একটি সমাধানযোগ্য সমস্যা।’ ইশতেহারে বলা হয়, ‘আন্তরিকভাবে চেষ্টা করলে, কয়েকটি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করলেই জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া সম্ভব। তাই দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের প্রধানতম অঙ্গীকার জলাবদ্ধতা থেকে মুক্তি।’
এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য ছয়টি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এগুলো হচ্ছে খাল ও নালা আগের অবস্থায় ফিরিয়ে আনা, গভীরতা ও প্রশস্ততা বাড়ানো এবং অত্যাধুনিক খননযন্ত্রের মাধ্যমে খাল খনন; খালের ময়লা-আবর্জনা পরিষ্কার ও তদারকির জন্য বোর্ড গঠন; খালগুলোর মুখে জলকপাট; কর্ণফুলী নদীর ড্রেজিং; ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন।