সমাধান খুঁজতে ক্যাম্পাসে ইউজিসির দল
পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন ও প্রশাসনকে অসহযোগিতা করার কর্মসূচি ২ নভেম্বর থেকে চলছে। বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সক্রিয় আছেন কর্মকর্তা-কর্মচারীরা। হল চালু করার দাবিতে মাঠে নেমেছে বিভিন্ন ছাত্রসংগঠন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অবস্থা এমনই।
অবশেষে সমস্যা সমাধানের পথ বাতলাতে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল মঙ্গলবার ইউজিসির অর্থ ও হিসাব শাখার পরিচালক ইব্রাহিম কবিরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।
এ বিষয়ে উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘আমি তো ইউজিসির সিদ্ধান্তের বাইরে যেতে পানি না। সমস্যাগুলো সমাধানের উপায় বের করতে ইউজিসির প্রতিনিধিদল কাজ শুরু করেছে। দেখা যাক কী হয়।’
তবে শিক্ষকদের পদোন্নতির দাবিতে শিক্ষক সমিতি গতকাল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা শিক্ষকেরা সেখানে অবস্থান করেন। এ সময় বক্তব্য দেন শিক্ষক সাইদুল হক, পরিমল চন্দ্র বর্মণ, সরিফা সালোয়া প্রমুখ।
বকেয়া বেতন দেওয়া ও চাকরি স্থায়ীকরণের দাবিতে এক ঘণ্টা প্রতীকী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সেকশন অফিসার ওবায়দুর রহমান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের সমস্যা দূর করাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালুর দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।