সমাধান খুঁজবে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট গ্রহণ করা না–করা এবং ভোটের দিন সেনা মোতায়েনের প্রক্রিয়া নিয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে পাওয়া মতামতের ভিত্তিতে আলোচিত এই দুটি বিষয়সহ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী আইনের কিছু ধারা সংশোধন করা নিয়ে সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন পথনকশার (রোডম্যাপ) যে একটি খসড়া গত মে মাসে প্রকাশ করেছিল, সেটা চূড়ান্ত করা হচ্ছে। তা ১৬ জুলাই প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত কমিশনের করণীয় এই পথনকশায় থাকছে। পথনকশা অনুযায়ী চলতি মাসের ২৫ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে। এরপর ৩০ জুলাই থেকে শুরু হবে সংলাপ। শুরুতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে, এরপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বা আলোচনা হবে।

‍কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতাবিষয়ক নতুন ধারা সংযোজন করা নিয়ে সংলাপে আলোচনা হতে পারে। বিশেষ করে সরকারি আমলারা অবসর নিয়েই নির্বাচন করতে পারবেন কি না, সেটা আলোচনায় আসতে পারে। এখন আমলারা অবসর নেওয়ার পর তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারেন না।

এ ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ আর স্বতন্ত্র প্রার্থী হওয়া সহজ করার বিষয়টি ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ভোটারের স্বাক্ষর লাগবে না। এ দুটি পরিবর্তনের সুপারিশ মাঠপর্যায়ের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে এসেছে।

সীমানা পুনর্নির্ধারণ জনসংখ্যার ভিত্তিতে হয়। কিন্তু এখন কমিশন সেটা ভোটারের ভিত্তিতে করার কথা ভাবছে। সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয়েছে ২০০৮ সালে।

এ ছাড়া বর্তমানে নির্বাচনে সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে। অর্থাৎ প্রয়োজন পড়লে তা ক্যাম্প থেকে বের হয়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করবে। কিন্তু বিএনপিসহ কয়েকটি দল চায় সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর মতো কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করুক।

নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু বিষয় আছে, যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন প্রস্তাব থাকে। কমিশন এগুলো নিয়ে আলোচনা করতে চায়। এর মাধ্যমে কমিশন একটা সিদ্ধান্তে পৌঁছাবে। তিনি বলেন, সব রাজনৈতিক দল চাইলে একাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার বিষয়টি ভাবা হবে। বিষয়টি ইতিবাচকভাবে দেখবে ইসি।

আওয়ামী লীগের নেতারা বলছেন, সংসদীয় আসনের সীমানাবিন্যাস পদ্ধতি ও সেনা মোতায়েন কেমন হবে, সেটি অনেক আগেই আইন দ্বারা নির্ধারিত। এ দুটি বিষয় স্পর্শকাতর। তা ছাড়া, ভোট কীভাবে হবে, প্রার্থীর যোগ্যতা—এগুলোও নির্ধারিত।

দলটির সভাপতিমণ্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে ইভিএমে ভোট চেয়েছে। কিন্তু কমিশন সেটি নির্বাচনী পথনকশায় রাখেনি। অথচ এটি পথনকশায় রেখে আলাপ-আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নিতে পারত।

আওয়ামী লীগের ওই নেতা বলেন, কমিশনের যেকোনো সিদ্ধান্ত তাঁদের দল মেনে নেবে। তবে কমিশন যা করতে চাইছে, তার জন্য আইন সংশোধন করতে হবে। আর সেটা করা হবে কি না, জাতীয় সংসদে সেই সিদ্ধান্ত নেবে ক্ষমতাসীন দল। 

দলীয় সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের অবস্থান হলো নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলেও তা নিয়ে প্রকাশ্যে বক্তব্য-বিবৃতি দেওয়া হবে না। দলটি চায়, আগামী নির্বাচনের আগে দেশবাসীর কাছে ইসি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দেখা দিক। ইসি সরকারের আজ্ঞাবহ, এমনটা দেখাতে চায় না।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, কমিশন সব বিষয় নিয়ে আলোচনা করতে পারে। দেখা যাক তারা কী উদ্যোগ নেয়। তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণ ও সেনা মোতায়েন প্রক্রিয়া যেভাবে হয়ে আসছে, তাতে তো কোনো সমস্যা হচ্ছে না। এ বিষয়ে আওয়ামী লীগ যা বলার সংলাপে বলবে।

>দলগুলোর সঙ্গে সংলাপে পাওয়া মতের ভিত্তিতে ইভিএম ও ভোটের দিন সেনা মোতায়েনসহ নির্বাচনী আইনের কিছু ধারা সংশোধন এবং ভোটার অনুপাতে সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় কমিশন

এ বিষয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচনের সময় সেনাবাহিনীকে নিয়মিত বাহিনী হিসেবে মোতায়েনের পক্ষে নই। আর সীমানার বিষয়ে কমিশন নতুন করে কী করতে চাইছে, এতে কী লাভ হবে, সেটা সংলাপে জানতে চাইব।’ তিনি বলেন, সংবিধান ও আইন অনুযায়ী গ্রহণযোগ্য কিছু বিষয়ে পরিবর্তন দরকার হলে সেটি করা যেতে পারে।

ইসির পথনকশা ও সংলাপের আলোচ্যসূচিকে এখন পর্যন্ত ইতিবাচকভাবে দেখছে বিএনপি। ফলে বর্তমান কমিশনকে প্রত্যাখ্যান বা তাদের পদত্যাগ চেয়ে পুরোনো পথে না হেঁটে বরং কমিশনের কাজ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিশেষ করে ইভিএমে ভোট গ্রহণ থেকে সরে আসা এবং নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও সেনা মোতায়েনের পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা করার উদ্যোগকে জরুরি বলে মনে করছে বিএনপি।

কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করে। এরপর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বেশ কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে। এই নির্বাচনগুলোতে বড় ধরনের কোনো বিতর্ক ওঠেনি।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, তাদের এখনকার সিদ্ধান্ত হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত যেসব স্থানীয় সরকার নির্বাচন হবে, সেগুলো এবং ভোটার তালিকা হালনাগাদ কাজ পর্যবেক্ষণ করা। তারা আপাতত ইসির বিরুদ্ধে বক্তৃতা করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নিয়েছে।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, কোনো পূর্বানুমানের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাজ নিয়ে মন্তব্য করবে না বিএনপি। কমিশনের সংলাপে দলটি অংশ নেবে। সেখানে দলের অবস্থান তুলে ধরা হবে। দেখা যাক কমিশন কী করে।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের সঙ্গে বিএনপি এ পর্যন্ত তিন দফা বৈঠক করেছে। এসব বৈঠকে সংসদীয় আসনের সীমানা জটিলতা নিরসন এবং ইভিএমের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। দলটি ২০০৮ সালের আগের সীমানায় সংসদীয় আসন চায়। এ ছাড়া সশস্ত্র বাহিনীকে ভোটের দিন ‘স্ট্রাইকিং ফোর্স’ নয়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীর ভূমিকায় দেখতে চায়।

অবশ্য সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, দলগুলোর মধ্যে নানা বিষয়ে ভিন্নমত থাকবে। নির্বাচন কমিশনের সংলাপে সেগুলো নিষ্পত্তি হওয়াটা ভালো। তিনি বলেন, যে বিষয়গুলো নতুন করে তোলা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা অনেক আগে থেকেই চলে আসছে। কোনটা মানা হবে আর কোনটা মানা হবে না, তা নিয়ে দলগুলো বাইরে সোচ্চার হলে কমিশনের সংলাপ সফল হবে না। কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার মানসিকতা সবার মধ্যে থাকতে হবে।