'মেয়রের এখন আলাদিনের প্রদীপ দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোনারগাঁ মোড়ে আজ বিকেলে দিকে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে আসেন মেয়র আনিসুল হক। ছবি: আবদুস সালাম
রাজধানীর সোনারগাঁ মোড়ে আজ বিকেলে দিকে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে আসেন মেয়র আনিসুল হক। ছবি: আবদুস সালাম

নগরের জলাবদ্ধতার কারণ হিসেবে খালগুলো ভরাট হয়ে যাওয়াকেই দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, ‘সমস্যাটি জটিল। মেয়রের হাতে এমন কোনো ধন্বন্তরি উপায় নেই যে এখনই সব পানি সব, খাল কেটে ফেলবে। খাল কাটার দায়িত্বও মেয়রের না।’ মেয়র আনিসুল বলেছেন, ‘মেয়রের এখন একটা আলাদিনের প্রদীপ দরকার। সে-ও পারবে না। আলাদিনের প্রদীপও পারবে না।’ 

আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীর সোনারগাঁও মোড়ে নগরের জলাবদ্ধতা পরিদর্শনে আসা মেয়র কথাগুলো বলেন। জলাবদ্ধতার সমাধানে নাগরিকদের কাছেই সমাধান চাইলেন বললেন, ‘আমাকে কেউ একজন বলুন, এর সমাধান কী?’
গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নগরবাসীর কষ্টের কথা স্বীকার করেন মেয়র আনিসুল হক। তবে তিনি আশ্বাস দেন, আগামী বছর জলাবদ্ধতা কিছুটা কমবে।
আনিসুল হক বলেন, ‘যে এলাকাগুলোতে পানি প্রবাহিত হতে পারছে না, তা খালের কারণে। কোনো জাদু নেই যে এই পানি এক ঘণ্টার মধ্যে কিছু করা যাবে। তবে কিছু কিছু কাজ হয়েছে। ফলে একটি জিনিস হয়েছে, পানি কিন্তু সব জায়গায় আটকে নেই। কোথাও আধা ঘণ্টা, কোথাও এক ঘণ্টা পর পানি সরে গেছে।’
আনিসুল হক বলেন, ‘আপনারা যেভাবে শহরকে নিয়ে চিন্তিত, আমরাও চিন্তিত। মেয়রকে খাল কাটার দায়িত্ব দিতে চায়, মেয়র নিতে চায় না। সময় লাগবে।’
খালগুলোর দুরবস্থার চিত্র তুলে ধরেন মেয়র। বলেন, ‘যে খালগুলো দখল হয়ে আসছে, আজ ৩০ বছর ধরে সেই খাল আপনি এক বছরে কাটতে পারবেন না। রিয়্যালিটি (বাস্তবতা) এটা।’ তিনি বলেন, ‘একটি তিন মিটারের খাল কাটতে তিন বছর লাগবে। যদি তা-ও আপনি জায়গা মুক্ত করতে পারেন। আজ আপনি হাঁটেন, কোথাও দেখবেন খুঁটি পোঁতা। অমুক কোম্পানি, অমুক কোম্পানি। সব নিচু জায়গা।’
বড় বড় কোম্পানির দখলের কথা বলার পর মেয়রের কাছে প্রশ্ন ছিল, এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? জবাবে মেয়র বলেন, ‘উচ্ছেদের দায়িত্ব মেয়রের না। মেয়র যেসব কাজ করছে লাইফ রিস্ক নিয়ে (জীবনের ঝুঁকি)। ৫২ একর জায়গা দখল ছিল আমিনবাজারে। আমরা তা উদ্ধার করেছি।’
এসব খাল পুনরুদ্ধারে নিজেদের অসহায়ত্বের কথা উঠে আসে মেয়রের কথায়। বলেন, ‘কিছু জায়গায় তো করার উপায় নেই। পাঁচতলা বাড়ি আপনি তুলেছেন একটি খালের ওপরে। খাল বন্ধ করে দিয়েছেন ৫০০ মিটার। কোথায় যাবে এই পানি?’ মেয়র বলেন, ‘মিরপুর এলাকায় আসেন। আমাদের সঙ্গে থাকেন। সব জায়গা দখল। আমরা যাদের বিহারি বলি, তারা কিছু দখল করেছেন। আমাদের দখলদারেরাও দখল করেছেন।’