সমাধান দিতে পারে শিক্ষিত শহুরে মধ্যবিত্ত শ্রেণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী অধ্যাপক নুরুল ইসলাম বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন l ছবি: জাহিদুল করিম
প্রথম আলো কার্যালয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী অধ্যাপক নুরুল ইসলাম বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন l ছবি: জাহিদুল করিম

একসময় তিনি নিজেই বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা করেছেন। ছিলেন স্বাধীন বাংলাদেশের পরিকল্পনা কমিশনের প্রথম উপপ্রধান বা ডেপুটি চেয়ারম্যান। সেটি স্বাধীনতা-পরবর্তী সত্তরের দশকের কথা। সেই পরিকল্পনার পথ ধরে একটু একটু করে উন্নয়নের দিকে এগিয়েছে বাংলাদেশ। তিনি অধ্যাপক নুরুল ইসলাম, কর্মসূত্রে এখন থাকেন যুক্তরাষ্ট্রে। তবু বাংলাদেশ তাঁকে ভাবায়, এ দেশটিকে ঘিরে উন্নয়নের নানা স্বপ্ন দেখেন। সমস্যা সমাধানের পথ বাতলে দেন লেখনীর মাধ্যমে। তাত্ত্বিক নয়, বাস্তবতায় সমস্যার সমাধানের পথও খোঁজেন তিনি।
অধ্যাপক নুরুল ইসলামের মতে, বাংলাদেশকে ঘিরে থাকা অজস্র সমস্যার সমাধান এনে দিতে পারে একটি শক্তিশালী, শিক্ষিত ও শহুরে মধ্যবিত্ত শ্রেণি। যে শ্রেণিটির বড় অভাব এখন বাংলাদেশে। তাই উন্নয়নের স্বার্থে একটি শক্তিশালী শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি গড়ে তোলার তাগিদ দিলেন। কীভাবে গড়ে উঠবে এ মধ্যবিত্ত শ্রেণি? এমন প্রশ্নটিও ছিল তাঁর কাছে। জবাবে দুই শব্দের একটি বাক্য তিনবার উচ্চারণ করলেন, ‘ঘাম ফেলা, ঘাম ফেলা আর ঘাম ফেলা।’ এ ঘাম ফেলা শ্রমের জন্য নয়, জ্ঞান আহরণের জন্য। এর মাধ্যমেই একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বর্তমানে খাদ্যনীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ইমেরিটাস ফেলো অধ্যাপক নুরুল ইসলাম।
প্রবীণ এই অর্থনীতিবিদের মতে, দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে সবাইকে ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বেরিয়ে সমস্যা সমাধানে সামষ্টিক উদ্যোগ নিতে হবে। ব্যক্তিজীবনের প্রতিদিনের কর্মব্যস্ত সময় থেকে কিছুটা সময় ব্যয় করতে হবে সমাজের কাজে। তাঁর কাছে গণতন্ত্র মানে সামাজিক মূলধন বা সোশ্যাল ক্যাপিটাল।
ব্যক্তি উদ্যোগ থেকে সামাজিক উদ্যোগ—তাতেই কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? এমন প্রশ্নও নুরুল ইসলামকে করেছেন দেশের সেরা বিদ্যাপীঠের তরুণ শিক্ষক ও গবেষকেরা। উত্তরে বললেন, সংকটই হচ্ছে সমস্যা সমাধানের পথ। তাঁর বিশ্বাস, বাংলাদেশেও কখনো না কখনো সংকট তৈরি হবে, আর তার মধ্য দিয়েই নতুন কিছুর সূচনা ঘটবে। তবে কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, যখনই বাংলাদেশে আসি, তখনই হতাশ হই। কেন এ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল, তা এখনো অনেকেই ভালোভাবে জানেন না। অথচ কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—এসব নিয়ে চলে বিতর্ক।
নুরুল ইসলামের এবারের বাংলাদেশ সফরে তাঁকে ঘিরেই গতকাল বুধবার প্রথম আলোর পক্ষ থেকে আয়োজন করা হয় এক আলোচনা অনুষ্ঠানের। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একাধিক গবেষণা প্রতিষ্ঠানের গবেষক। মূলত তরুণ শিক্ষক ও গবেষকদের নিয়েই আয়োজন করা হয় ব্যতিক্রমী এ আলোচনা অনুষ্ঠানটির। প্রথাগত ঢঙে নয়, ঘরোয়া আলোচনার ঢঙে প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন জুড়ে দিয়ে অনুষ্ঠানটিকে করে তোলা হয় প্রাণবন্ত। এখনকার শিক্ষক ও গবেষকেরা প্রবীণ এই অগ্রজকে পেয়ে তুলে ধরলেন ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতির নানা সমস্যার কথা। জানতে চাইলেন সমাধানের উপায়।
উন্নয়নের জন্য গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রথমে আলোচনার সূত্রপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল। তিনি জানতে চান, বাংলাদেশে এখন নির্বাচনকেন্দ্রিক যে গণতন্ত্রের চর্চা চলছে, তা উন্নয়নের জন্য কতটা সহায়ক?
জবাবে নুরুল ইসলাম বলেন, নির্বাচন কখনো গণতন্ত্র তৈরি করে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি অংশমাত্র। গণতন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে স্বাধীন বিচারব্যবস্থা ও সর্বক্ষেত্রে আইনের শাসন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, রাষ্ট্রীয়ভাবে মেধার ভিত্তিতে কোথাও নিয়োগ হচ্ছে না। রাষ্ট্র জ্ঞাতসারেই মেধাবীদের মেধাকে নষ্ট করছে। আর অর্থনৈতিক উন্নয়নের ফলে হতদরিদ্রদের অবস্থার কিছুটা উন্নতি হলেও তারা এখনো অন্যের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানতে চান একটি ক্রিয়াশীল মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলতে হলে সেটির চিন্তার ক্ষেত্রটি কী হবে? বৈশ্বিক নাকি জাতীয়? জবাবে নুরুল ইসলাম বলেন, বৈশ্বিক চিন্তা থেকেও মধ্যবিত্ত শ্রেণিটি গড়ে উঠতে পারে। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে চিন্তার মধ্য দিয়ে ওই শ্রেণিটি গড়ে উঠবে, সেটিকে কার্যকর করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষিকা ইশরাত জাহান বলেন, কোনো কাজ করার আগেই আমরা তাতে নিজেদের স্বার্থের কথা ভাবি। কিছু দেওয়ার আগে ভাবি বী পাব—এটাই আমাদের দেশের বড় সমস্যা। আমরা কেউই কারও কাজ বা দায়িত্বটি সঠিকভাবে পালন করি না।
ইশরাত জাহানের বক্তব্যের সূত্র ধরেই নুরুল ইসলাম বলেন, প্রত্যেকে যদি নিজের কাজটি সঠিকভাবে করে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন নুরুল ইসলাম। তাই অগ্রজ এ ব্যক্তিত্বকে পেয়ে এখনকার অনেক শিক্ষকই তুলে ধরলেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৈন্যদশার কথা। মেধার পরিবর্তে রাজনৈতিক প্রভাবে শিক্ষক নিয়োগের কথা। বাদ পড়েনি ছাত্ররাজনীতির নামে শিক্ষার্থীদের সন্ত্রাসে জড়িয়ে পড়ার বিষয়টিও। শিক্ষার্থীদের সন্ত্রাসে জড়িয়ে পড়ার জন্য কোনো কোনো শিক্ষক নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেন। তাঁরা বলেন, ছাত্রদের যথাযথভাবে মূল্যবোধের শিক্ষা দিতে পারছি না আমরা। সেই সঙ্গে সমাজের সর্বক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয়ের চিত্রটিও তুলে ধরেন একাধিক শিক্ষক।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর গুরুত্ব তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গোবিন্দ চক্রবর্ত্তী বলেন, ৯০-এর পর থেকে আমাদের দেশে গণতান্ত্রিক কাঠামোর নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় সম্পদে পরিণত করা হয়েছে। এ কারণে একধরনের ধান্দাবাজির প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে।
আলোচনায় উঠে আসে সমাজ বিনির্মাণে সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও। এ নিয়ে নুরুল ইসলাম বলেন, মিডিয়ার ভূমিকা হতে হবে সমাজের সব মতকে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা। কারণ, কোন মতটি বা পথটি সঠিক, সেটি কেউই নিশ্চিত করে বলতে পারি না।
সুশীল সমাজের ভূমিকার বিষয়টি তুলে ধরে আলোচনায় অংশগ্রহণকারীদের কেউ কেউ বলেন, অনেক সময় সুশীল সমাজের প্রতিনিধিরা বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলোর স্বার্থে কাজ করেন। এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, সুশীল সমাজ নিয়ে একটা কথা শোনা যায়, সেটি হলো অনেক সময় তারা পরের টাকায় আন্দোলন করে। কিন্তু পরের টাকা নিয়ে কাজ করলে সুশীল সমাজের নাম খারাপ হয়ে যায়। তাই সুশীল সমাজের কর্মকাণ্ড আর্থিক নির্ভর হলে তা দেশ ও জাতির জন্য মুশকিল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ তসলিম বলেন, আমরা ভোট দিয়ে আমাদের দায়িত্ব শেষ করি। কিন্তু গণতন্ত্রের জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, সেটা নিয়ে কাজ করি না। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করি না।
এর পরিপ্রেক্ষিতে নুরুল ইসলাম যেকোনো বিষয়ে তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, যেকোনো বিষয় জানতে হলে আলাপ-আলোচনার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের আলোচনার ব্যবস্থা করতে হবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের যত আপত্তি। এটি আমাদের জাতিগত সমস্যা।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, সমাজের মধ্য থেকেই নানা চাহিদা বা দাবি তুলতে হবে। ৬০-এর দশকে এ ধরনের উদ্যোগ চোখে পড়লেও এখন সেটির অভাব দেখা যাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি, এ দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তারাই পারবে পথ দেখাতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন ও সায়েমা হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক কাজী মারুফুল ইসলাম ও শুচিতা শারমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শান্তনু মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোবায়েত ফেরদৌস, আইন বিভাগের শেখ হাফিজুর রহমান, ইতিহাস বিভাগের আশফাক হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের এ কে এম গোলাম রাব্বানী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজীম উদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ফাতেমা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন, আদিবাসী গবেষক ইলিরা দেওয়ান, প্রথম আলোর ফারুক ওয়াসিফ, শরিফুল হাসান প্রমুখ।