সমাধান না হলে মাঠে নামতে বাধ্য হবে হেফাজত
হেফাজতে ইসলাম বাংলাদেশে আর দর্শকের ভূমিকা পালন করবে না। নির্বাচন নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলো বসে তার সমাধান না করলে হেফাজতে ইসলাম মাঠে নামতে বাধ্য হবে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর বারিধারায় জামে মাদানিয়া মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মওলানা নূর হোসাইন কাসেমী। ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, যেকোনো মূল্যে মহাসমাবেশ সফল করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
মওলানা নূর হোসাইন কাসেমী বলেন, জাতির ক্রান্তিলগ্নে জনগণের ভোটাধিকার নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে, হেফাজত তা আর দেখতে চায় না। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। অর্থনীতি আজ ধ্বংসের মুখে। এ অবস্থা আর চলতে পারে না।
নূর হোসেন কাসেমী বলেন, ‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এর ১৩ দফা দাবির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু এর অর্থ এই নয় যে দেশের স্বাধীনতা ও সংকটময় মুহূর্তে আমরা কোনো কথা বলতে পারব না। দেশের মানুষের জানমাল ও ইজ্জত-আব্রু রক্ষা করার বিষয়ে কথা বলা প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার। দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতি বিরাজ করছে, তা কেউ মেনে নিতে পারে না। প্রতিটি নির্বাচনের আগেই দুর্ভাগ্যজনকভাবে একটা সংকটের সৃষ্টি হয় ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।’ তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত বিষয়। যারা এটাকে সংবিধান থেকে সরিয়ে দিয়েছে, তারা ঠিক করেনি। যারা এটাকে সংবিধানে পুনর্বহালের আন্দোলন করছে, তাদের দাবি অন্যায় নয়। তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানান।
মতবিনিময় অনুষ্ঠানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব জুনায়েদ আল হাবিব, যুগ্ম সদস্যসচিব ফজলুল করিম, সাখাওয়াত হোসেন, সদস্য মনির হোসেন, অলিউল্লাহ আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।