সমাধান হয়নি পুরোনো সমস্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের প্রিন্সিপাল আবুল কাশেম সড়কের ওপর ফেলে রাখা হয় ময়লার গাড়ি ও আবর্জনা। ছবিটি গতকাল দুপুরে মিরপুরের সরকারি এ–টাইপ কলোনির সামনে থেকে তোলা l প্রথম আলো
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের প্রিন্সিপাল আবুল কাশেম সড়কের ওপর ফেলে রাখা হয় ময়লার গাড়ি ও আবর্জনা। ছবিটি গতকাল দুপুরে মিরপুরের সরকারি এ–টাইপ কলোনির সামনে থেকে তোলা l প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচনের প্রায় দুই বছর পেরোলেও সড়কগুলো খানাখন্দে ভরা। ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন জায়গায় তৈরি হয় জলাবদ্ধতা। নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড।
টোলারবাগ, বিএডিসি স্টাফ কোয়ার্টার, পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার, আনসার ক্যাম্প, শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার, বিশিল, আহমদনগর ও শাহ আলীবাগ নিয়ে গঠিত এই ওয়ার্ড। ওয়ার্ডের মোট ভোটার প্রায় ৮৩ হাজার। দেড় লক্ষাধিক লোকের বাস এই ওয়ার্ডে। ওয়ার্ডে আবাসিক কলোনির সংখ্যাই বেশি।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, টোলারবাগ আবাসিক এলাকা থেকে মিরপুর-১ নম্বর পর্যন্ত সড়কের দুপাশের ফুটপাত দখল করে অসংখ্য দোকান গড়ে উঠেছে। টোলারবাগ আবাসিক এলাকা, আনসার ক্যাম্প, সরকারি এ-টাইপ কলোনি, ওয়াক-আপ কলোনি এলাকার ফুটপাতে গড়ে ওঠা দোকানের কারণে পথচারীদের মূল সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে।
মিরপুর-১ নম্বরের কাছে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বসে বাজার। প্রতিনিয়ত বাড়ছে সড়ক দখল করে গড়ে ওঠা এই বাজারের পরিসর। কাঁচা সবজি, আদা, পেঁয়াজ, রসুন, মুরগি বিক্রি হচ্ছে। কয়েকজন ফুটপাতে বসে মাছ কাটছেন।
দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ফুটপাতের ওপরে কয়েকটি মাত্র দোকান ছিল। ক্রেতাদের ভিড় ও কেনাবেচা বাড়ায় এখন দোকানের সংখ্যাও বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন সকালে অনেক ভ্রাম্যমাণ দোকানদার হাজির হওয়ায় সড়ক বেশি দখল হয়ে যায়।
কিছুদিন আগেও আনসার ক্যাম্প এলাকার সরকারি এ-টাইপ কলোনির সামনে প্রধান সড়কের বিশাল জায়গাজুড়ে ময়লা রাখা হতো। টোলারবাগ এলাকায় ডিএনসিসি ময়লা রাখার অস্থায়ী ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করায় সড়কের ময়লা সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা আনার ৪০-৪৫টি গাড়ি রাখা হচ্ছে সড়কের অনেকটা জুড়ে।
কলোনির বাসিন্দা ইয়াহিয়া মিয়া বলেন, দীর্ঘদিন পর সিটি করপোরেশন ময়লার কনটেইনার সরিয়ে নিয়েছে, কিন্তু সারি সারি ময়লার গাড়ি রেখে দিচ্ছে। তাই ময়লা সরিয়েও খুব একটা কাজ হয়নি। দুর্গন্ধ ঘরের ভেতরে পর্যন্ত চলে আসে।
সিটি করপোরেশন নির্বাচনের দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও ওয়ার্ডের সড়কের অবস্থার পরিবর্তন হয়নি। ওয়ার্ডের বেশির ভাগ সড়ক এখনো ভাঙাচোরা। মূল সড়কগুলোর পাশাপাশি এলাকার ভেতরের বিভিন্ন সড়ক এবড়োখেবড়ো ও খানাখন্দে ভরা।
ছাপাখানা মোড় থেকে হাবুলের পুকুরপাড় পর্যন্ত সড়ক, দক্ষিণ বিশিল থেকে ১ নম্বর কো-অপারেটিভ মার্কেট পর্যন্ত সড়ক এবং আশপাশের সড়ক, শাহ আলীবাগের বিভিন্ন সড়ক ও কলওয়ালাপাড়ার ভেতরের সড়কগুলো এবড়োখেবড়ো, ভাঙাচোরা।
দেখা যায়, ওয়ার্ডের বেশ কিছু সড়কে পানি নিষ্কাশনের পাইপ রাখা। গর্ত খুঁড়ে পাইপ বসানোর কাজ চলছে। সিটি করপোরেশনের লাগানো নোটিশে দেখা যায়, সড়কে ফুটপাত, আরসিসি ড্রেন ও সড়ক উন্নয়নের কাজ চলছে।
এই ওয়ার্ডের কিছু জায়গায় রয়েছে অস্থায়ী জলাবদ্ধতার সমস্যা। পূর্ব আহমদনগরের কিছু সড়ক, জোনাকি রোড, হাবুলের পুকুরপাড়, কলওয়ালাপাড়া, ধানখেতের মোড়ে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। সিটি করপোরেশন নির্বাচনের আগে স্থানীয় কাউন্সিলর জলাবদ্ধতার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও অবস্থা বদলায়নি।
ওয়ার্ড ঘুরতে গিয়ে চোখ আটকে যায় আনসার ক্যাম্প এলাকার চারতলা একটি ভবনের দিকে। নয়নাভিরাম এই ভবনটি পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ। বেশ দূর থেকেই মসজিদের মিনার দুটি নজর কাড়ে। ভবনের চারপাশে গাছগাছালির ছায়া। ভবনের বাইরে ঘিয়ে রঙের মধ্যে সোনালি কারুকাজ। জানালার কাচগুলো নীলাভ। চত্বরে লাগানো ঘাস, আছে নানা ধরনের গাছ। সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ। সামনের সদা ব্যস্ত সড়কের কোলাহল যেন স্পর্শ করে না মসজিদটিকে।