সমাধানে কৃষি বিভাগের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার নরুন্দি ও তুলসীরচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের সাতটি চরে আবাদ করা টমেটোর খেতে মড়ক দেখা দিয়েছে। অধিক লাভজনক হওয়ায় চরাঞ্চলের চাষিরা টমেটোর চাষ করে বিপাকে পড়েছেন। সরকারি কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চাষিরা সময়মতো পরামর্শ না পেয়ে হতাশায় ভুগছেন। মড়ক দেখা দিলেও সরকারি কৃষি বিভাগের কর্মকর্তারা এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে চাষিরা অভিযোগ করেছেন। চরাঞ্চলের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালপুর সদরের নরুন্দি ইউনিয়নের কচুনধরা, ছাইতেনতলা, কালীবাড়ি এবং তুলসীর চর ইউনিয়নের গারামারা, সাইবেরচর, আলগিরচর ও বাঘচর এলাকায় সহস্রাধিক চাষি শীতকালীন সবজি টমেটো চাষ করেছেন। চাষিরা বিগত ১৫ বছর এসব চরের উর্বর জমিতে টমেটোর চাষ করে আসছেন। এতে তাঁরা বেশ লাভবানও হচ্ছেন। কিন্তু টমেটোর খেতে মড়ক দেখা দেওয়ায় এবার চাষিরা বিপাকে পড়েছেন। গত শুক্রবার চরগুলো ঘুরে দেখা গেছে, টমেটোগাছের সবুজপাতা কুঁকড়ে মরে যাচ্ছে। চাষিরা মরা গাছগুলো খেত থেকে তুলে ফেলছেন। নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের চাষি আবদুল খালেক দুই বিঘা জমিতে টমেটার চাষ করেছেন। পাতা কোঁকড়ানো রোগে তাঁর অর্ধেক টমেটোর খেত নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘দুই বিঘা জমিতে আবাদ করতে খরচ অইছে ৪০ হাজার টেকা। এইবার লাভ তো দূরের কতা, আবাদ খরচই তুলবের পাব না অনেকেই। কী কারণে যে গাছ মরতাছে বুঝতাছি না। কৃষি অফিসতনে কেউ আহে নাই। আমরা কোনো পরামর্শও পাইতাছি না।’ নরুন্দি ইউনিয়নের কচুনধরা গ্রামের চাষি রমজান আলীর খেতেও একই অবস্থা দেখা যায়। তিনি দুই বিঘা জমিতে টমেটোর চাষ করেন। মড়ক দেখা দেওয়ায় অর্ধেক খেত থেকে টমেটোর চারা তুলে সেখানে মিষ্টি আলু লাগিয়েছেন। একই এলাকার চাষি মজনু মিয়া, ছাইদুল ইসলাম, রনজু মিয়া, শাহেদ আলী, আবুল হোসেন প্রথম আলোকে জানান, তাঁরা প্রতিবছর কালীবাড়ির চরে টমোটোর আবাদ করে প্রচুর লাভ করেন। গত বছর তাঁরা দুই বিঘা করে জমিতে টমেটোর আবাদ করে এক লাখ ২০ হাজার থেকে প্রায় দেড় লাখ টাকা করে লাভ করেন। কিন্তু মড়ক দেখা দেওয়ায় এ বছর তাঁদের খরচ না ওঠারও আশঙ্কা করা হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, এ পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা তাঁদের টমেটোর খেত দেখতে যাননি। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম বলেছেন, ‘টমেটোর খেতে মড়কের কথা শুনতে পেরে কয়েক দিন আগে নরুন্দি ও তুলসীর চর ইউনিয়নের চর এলাকায় গিয়েছিলাম। টমেটোর গাছগুলো কুঁচকে মরে যাওয়ার নমুনা পাই। খেতগুলো ভাইরাস ও ব্যাকটেরিয়াল উইলড দ্বারা আক্রান্ত। কৃষকদের ছত্রাকনাশক ও কীটনাশক ওষুধ ছিটানো এবং টমেটোর খেত না বাড়ানোর পরামর্শ দিয়েছি। খেতের যে অবস্থা দেখে এসেছি, তাতে এখন আর আমাদের করার কিছুই নেই।’