সমাধানে কোনো অগ্রগতি নেই, সেশনজটের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শেষ হবে—শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষক নেতারা বারবার এমন আশা প্রকাশ করলেও কবে, কীভাবে হবে তা দু পক্ষের কারও জানা নেই। ক্লাস বর্জন আন্দোলনের চতুর্থ দিনেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সংকট সমাধানের দৃশ্যমান কিছু দেখা যায়নি। গতকাল দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৭টি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা পরীক্ষা হয়নি। শিক্ষার্থীদের অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেশনজটের ঝুঁকি বাড়ছে।
তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে। কিছু বিষয় নিয়ে কাজ চলছে। শিক্ষকেরাও সমাধান চান, শিক্ষা মন্ত্রণালয়ও তা চায়। শিক্ষকদের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় তা সরকারের কাছে পাঠাবে। সরকার যাতে সেই প্রস্তাব গ্রহণ করে, সেই চেষ্টাও মন্ত্রণালয় করবে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষকদের মধ্যে আলোচনার সূত্রপাত হলেও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের ইঙ্গিত গতকাল পর্যন্ত কারও জানা নেই। আন্দোলনরত শিক্ষকেরা সরকারপ্রধানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করলেও এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি।
গত মঙ্গলবার রাতে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের পক্ষ থেকে সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব চান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ওই প্রস্তাব দেওয়ার কথা বললেও গতকাল পর্যন্ত মন্ত্রণালয় তা পায়নি। শিক্ষকনেতারা বলছেন, ফেডারেশনের সভা ডেকে ওই প্রস্তাব চূড়ান্ত করা হবে। তবে গতকাল পর্যন্ত ওই সভা ডাকা হয়নি, কবে তা ডাকা হবে তাও ঠিক করা হয়নি।
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা শিক্ষকদের দিয়ে এসেছে তা প্রত্যাহার করা হবে না। জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে গিয়ে যে পরিস্থিতি হয়েছে, সেখান থেকে উত্তরণের সোপান খোঁজা হচ্ছে। তিনি বলেন, ‘আশা করছি আগামী সপ্তাহের প্রথমদিকে সমস্যার সমাধান হয়ে যাবে।’
খুব শিগগির চলমান আন্দোলনের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় সাংবাদিকদের তিনি বলেন, ‘শিক্ষকেরা পরিশ্রম করে বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত করেছেন। আমরা আবার সেই অবস্থায় ফিরে যেতে চাই না। আমরা আশা করছি খুব দ্রুত এর সমাধান হবে।’ তিনি আরও বলেন, ‘ছেলে-মেয়েদের পড়ালেখা বিঘ্নিত হোক, এটা আমরা যেমন চাই না, তেমনি প্রধানমন্ত্রীও চান না। এ সমস্যা সমাধানে নানামুখী তৎপরতা চলছে। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধানে পৌঁছাতে সক্ষম হব।’
শিক্ষকদের দাবি মেনে নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল চতুর্থ দিনের মতো সব ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন কৃষি অনুষদ করিডরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদুর রহমান খান, হারুন-অর-রশীদ, বাহানুর রহমান, সাইফুল ইসলাম খান, মুস্তাফিজুর রহমান প্রমুখ। কর্মসূচির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম।